২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা

দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুলনা নগরীর খালিশপুর এলাকায় এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2010, 07:20 AM

Updated : 25 Aug 2022, 11:17 AM

খুলনা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে খুলনা নগরীর খালিশপুর এলাকায় এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। নিহত আলতাফ হোসেনের (৬০) স্বজনদের অভিযোগ, খালিসপুর থানা আওয়ামী লীগের এক নেতা এ হত্যাকাণ্ডে জড়িত। পুলিশের ধারণা, জমি নিয়ে বিরোধের জের ধরে সাবেক সেনা কর্মকর্তা আলতাফ হোসেনকে হত্যা করা হতে পারে। খালিশপুর থানার ওসি আবু মোকাদ্দেম আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মুক্তিযোদ্ধা আলতাফ হোসেন বুধবার রাত ১১টার দিকে লাল হাসাপাতালের সামনে দিয়ে সেন্ট্রাল ব্লক রোডের নিজ বাড়িতে যাচ্ছিলেন। তখন ৫-৬জন সন্ত্রাসী তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মৃত্যু নিশ্চিত ভেবে ফেলে পালিয়ে যায়। এসময় ওই এলাকায় বিদ্যুৎ ছিল না। তিনি বলেন, পরবর্তীতে এলাকাবসী গুরুতর আহত আলতাফকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ২টার দিকে তিনি মারা যান। নিহতের লাশ ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা রাতে এবং আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদের নেতারা সকালে ঘটনাস্থল পরিদর্শন শেষে হাসপাতালে যান। ওসি জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের জন্য রাত থেকেই পুলিশ অভিযান শুরু করেছে। নিহতের স্ত্রী জাহানারা বেগমের বরাত দিয়ে ওসি জানান, হাসাপাতালে নেওয়ার সময় আলতাফ স্বজনদের বলেন, খালিশপুর থানা আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য তালিকাভুক্ত সন্ত্রাসী কাজী ফজলুর রহমান মহব্বত, তার ছোট ভাই কাজী আতাউর রহমান এবং সহযোগী শফিকুর রহমান বাবুসহ ৫-৬জন সন্ত্রাসী ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে গুরুতর আহত করে। এ ব্যাপারে খালিশপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহব্বত বর্তমানে ভারতে আছেন। মহব্বত ও তার সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে কি না তা তিনি জানেন না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩১৭ ঘ.