২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আজিমপুরে বাসচাপায় বুয়েট ছাত্র নিহত

রাজধানীর আজিমপুরে বাসচাপায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক ছাত্র নিহত হয়েছেন। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2010, 06:02 AM

Updated : 25 Aug 2022, 11:17 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর আজিমপুরে বাসচাপায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক ছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ইডেন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খোন্দকার খান জাহান ওরফে সম্রাটের (১৯) গ্রামের বাড়ি গোপালগঞ্জে। তিনি বুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। থাকতেন আহাসনউল্লাহ হলের ১৪৩ নম্বর কক্ষে। সম্রাটের বাবা খোন্দাকার মো. শাহ আলম একজন সরকারি কর্মকর্তা। থাকেন খুলনায়। লালবাগ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইদ ইবনে সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইডেন কলেজের সামনের রাস্তায় সকাল সাড়ে ৮টার দিকে একটি বাস সম্রাটকে চাপা দেয়। তখন ইডেন কলেজের এক কর্মচারী তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সম্রাটের বোন শাম্মী আক্তার ঢাকা মেডিকেলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সম্রাটের আজ মিরপুরে তার বাসায় যাওয়ার কথা ছিলো। সকালে মিরপুরের বাসে উঠার জন্য সম্রাট বাসস্ট্যান্ডে অপেক্ষা করছিলো। সে সময় একটি বাস তাকে চাপা দেয়। সম্রাটের লাশ দাফনের জন্য ঢাকা মেডিকেল থেকে গ্রামের বাড়ি গোপালগঞ্জ সদরে নিয়ে যাওয়া হবে বলেও জানান শাম্মী। এএসআই সাইদ আরো জানান, উইনার পরিরহনের একটি যাত্রীবাহী বাস ( ঢাকা মেট্রো ভ-১১-২৬১৯) সম্রাটকে চাপা দেয়। ঘটনার পর বাসটি আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এজে/১২২৯ ঘ.