২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লবীতে তরুণীকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রাজধানীর মিরপুরের পল্লবীতে এক তরুণীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2010, 05:52 PM

Updated : 25 Aug 2022, 11:12 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় রাজধানীর মিরপুরের পল্লবীতে এক তরুণীর গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। মারাত্মক অগ্নিদগ্ধ আলেয়া আক্তারকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। স্থানীয় অধিবাসীরা অভিযুক্ত খোকনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। আলেয়া সাংবাদিকদের বলেন, "খোকন নামের এক যুবক অনেকদিন ধরে তাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছে। কিন্তু সে বিবাহিত ও মাদকের ব্যবসা করে জানতে পেরে আমি রাজি হইনি। আজ সন্ধ্যায় আমাকে ডেকে নিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দিয়েছে।" তার খালা রাজিয়া বেগম জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে মিরপুর ১১ ডি ব্লকের বাসা থেকে বের হওয়ার সময় খোকন 'কথা আছে' বলে আলেয়াকে ডেকে নিয়ে যায়। ওই সময় সামনের রাস্তায় রিকশায় আরো দুজন বসা ছিল। তারা তিনজন মিলে আলেয়ার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আলেয়া দৌড়ে বাসার সামনের ডোবায় লাফ দিয়ে পড়লেও ততক্ষণে তার শরীরের অনেকাংশ পুড়ে যায়। স্থানীয় লোকজন খোকনকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। পল্লবী থানার ওসি ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, খোকন ওই তরুণীর গায়ে আগুন ধরিয়ে দেওয়ার কথা স্বীকার করেছে। তবে সে দাবি করেছে, মেয়েটির সঙ্গে তার প্রেম ছিল। খোকন আরো দাবি করে, আলেয়ার যে একটি সন্তান ছিল তা গোপন করায় সে প্রতিশোধ নিতে এ কাজ করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/২৩৪৭ ঘ.