নারায়ণগঞ্জ, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টাকার জাল নোট তৈরি ও বিক্রেতা চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে নারায়ণগঞ্জ পুলিশ
বুধবার সকালে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের মুক্তিনগর নয়াহাটি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তাদের কাছ থেকে ১৭৭টি পাঁচশ' ও দুটি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম।
আটককৃতরা হলেন- পটুয়াখালী জেলার গলাচিপা এলাকার সোহান (১৯), আরিফ (২১), জিয়ারুল (১৯), মোখশেদুল (১৯), রাসেল (২০) ও নান্নু (১৯)।
এসআই জাহাঙ্গীর জানান, আটককৃতরা সংঘবদ্ধ জাল নোট তৈরি ও বিক্রেতা চক্রের সদস্য। নয়াহাটির চান্দু সরদারের মেসে ভাড়া থাকতো তারা।
ওসি এস এম বদরুল আলম জানান, এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২২৪৬ ঘ.
bdnews24