২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাইদুর ছয়দিনের রিমান্ডে

নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বর্তমান প্রধান সাইদুর রহমানসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ছয়দিনের গোয়েন্দা পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2010, 05:00 PM

Updated : 25 Aug 2022, 11:12 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) বর্তমান প্রধান সাইদুর রহমানসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য ছয়দিনের গোয়েন্দা পুলিশ হেফাজতে নেওয়ার অনুমতি দিয়েছে আদালত। সন্ত্রাসবিরোধী আইনে রাজধানীর কদমতলী থানায় দায়ের মামলায় বুধবার বিকাল ৪টায় সাইদুর এবং তার সহযোগী আবদুল্লাহেল কাফী ও তার স্ত্রী আয়শা আক্তারকে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। এরপর গোয়েন্দা পুলিশ পরিদর্শক শেখ মাহবুবুর রহমান তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের হেফাজত চান। শুনানি শেষে ছয় দিনের হেফাজত মঞ্জুর করেন হাকিম কণিকা বিশ্বাস। হেফাজতের আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, "তাদের কাছ থেকে আরো আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার এবং তাদের সহযোগীদের গ্রেপ্তারের জন্য তাদেরকে হেফাজত নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।" হেফাজতের এ আবেদন শুনানির সময় অভিযুক্তদের পক্ষে রিমান্ড বাতিল বা জামিনের কোনো আবেদন ছিলো না। রাষ্ট্রপক্ষে হেফাজত আবেদন শুনানি করেন আদালত পুলিশের পরিদর্শক মিরাশ উদ্দিন। সাইদুরকে সোমবার রাতে গ্রেপ্তার করা হয় বলে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে জানান পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ। তবে এর পরপরই পুলিশের পক্ষ থেকে সংবাদ সম্মেলনস্থলে সাংবাদিকদের দেওয়া স্বাক্ষরবিহীন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাইদুরকে মঙ্গলবার ভোরে গ্রেপ্তার করা হয়। পুলিশের বক্তব্য অনুযায়ী, রাজধানীর দনিয়া এলাকা থেকে সাইদুরের সঙ্গে তার স্ত্রী নাইমা রহমান এবং সহযোগী কাফীকেও গ্রেপ্তার করা হয়। তবে কাফীর স্ত্রী আয়শাকে গ্রেপ্তারের বিষয়ে মঙ্গলবার পুলিশ সদরদপ্তর থেকে কিছু জানানো হয়নি। এ ব্যাপারে গোয়ন্দো পুলশি পরিদর্শক শখে মাহবুবুর রহমান বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাইদুর, কাফি এবং আয়শার সঙ্গে সাইদুরের কোনো স্ত্রীকে গ্রেপ্তার করা হয়নি। পুলিশের দেওয়া সংবাদ বিজ্ঞতিতে কোনো কারণে ভুল হয়ে থাকতে পারে। পুলিশ সদরদপ্তর থেকেও বুধবার সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে কোনো সংশোধনী আসেনি। তাদের গ্রেপ্তারের পর পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক সাইফুল ইসলাম খালিদ মামলাটি করেন। সাইদুরসহ তিনজনকে বুলেটপ্র"ফ জ্যাকেট পরিয়ে আদালতে নেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/জেবি/এজে/এমআই/ডিডি/এইচএ/২২৫৫ ঘ.