চট্টগ্রাম, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে চট্টগ্রামের আওয়ামী লীগ নেতাদের সঙ্গে বৃহস্পতিবার বৈঠকে বসছেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এজন্য চট্টগ্রামের দলীয় সাংসদ ও নেতাদের চিঠি দেওয়া হয়েছে। সকাল ১১ টায় গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
দলের একাধিক নেতা-কর্মী জানান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন নিয়ে সৃষ্ট দলীয় কোন্দল মেটাতে দলের সভানেত্রী এ বৈঠক ডেকেছেন।
বৈঠকে চট্টগ্রাম নগরীর দলীয় তিন সাংসদ, আওয়ামী লীগের মহানগর, দক্ষিণ ও উত্তর জেলার সভাপতি, সাধারণ সম্পাদক এবং মেয়র পদে এবিএম মহিউদ্দিন চৌধুরীর বিরোধিতা করে মনোনয়নপত্র জমা দেওয়া প্রার্থীদের ডাকা হয়েছে।
তবে চট্টগ্রাম শহরের চার সাংসদের মধ্যে দুইজন বিদেশে রয়েছেন। তারা হচ্ছেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও চট্টগ্রাম-৮ আসনের সাংসদ নুরুল ইসলাম বিএসসি ও চট্টগ্রাম-১০ আসনের সাংসদ ও চেম্বার সভাপতি এম এ লতিফ।
বৈঠক সম্পর্কে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামূল হক দানু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিটি কর্পোরেশন নির্বাচন নিয়েই হয়তো বৈঠকে আলোচনা হতে পারে।
বৈঠকে যোগ দিতে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী এবিএম মহিউদ্দিন চৌধুরী বৃহস্পতিবার সকালে ঢাকা যাবেন বলে তিনি জানান।
মেয়র পদে মহিউদ্দিনের বিরোধিতা করে মনোনয়নপত্র জমা দেওয়া মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নেত্রী ডেকেছেন বলে তিনি ঢাকা যাচ্ছেন।
তিনি বলেন, "আগে আওয়ামী লীগ মানে মহিউদ্দিন চৌধুরী মনে করা হলেও পরিস্থিতি এখন ভিন্ন। দলীয় কোন্দল নিয়ে কথা উঠলে আমরা আমাদের বক্তব্য তুলে ধরব।"
মেয়র নির্বাচনকে সামনে রেখে মহিউদ্দিন ও নুরুল ইসলাম বিএসসি'র বিরোধ চরমে ওঠে। বিএসসি অনুসারীরা তিন প্রার্থীর নাম ঘোষণা করে। এর মধ্যে দুইজন মনোনয়নপত্র সংগ্রহ করলেও জমা দেন শুধুমাত্র রেজাউল করিম চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএ/২২১১ ঘ.
bdnews24