ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ১০০ কোটি টাকার অগ্নি নির্বাপণ যন্ত্রাদি কেনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে তার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে বাদানুবাদ হয়েছে।
বুধবার কমিটির এক বৈঠকে সদস্যরা এ যন্ত্রপাতি ক্রয়ের ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ নিয়ে চলমান তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিষয়টি স্থগিত রাখার দাবি জানায়।
কিন্তু মন্ত্রী এবং তার প্রতিমন্ত্রী শামসুল হক টুকু মন্ত্রণালয়ের সিন্ধান্তের পক্ষে অটল থেকে 'জনস্বার্থে' এই যন্ত্রাদি কিনবেন বলে সাফ জানিয়ে দেন।
বৈঠকের পর কমিটির সদস্য মুজিবুল হক চুন্নু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনিয়মের যে অভিযোগ রয়েছে তার তদন্ত শুরু হয়েছে। তাই কমিটির চেয়ারম্যানসহ অন্য সদস্যরা এই মুহুর্তে যন্ত্রপাতি কেনা বন্ধ রাখার দাবি জানান।"
কমিটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুস সালাম সাংবাদিকদের সঙ্গে নিজে কথা না বলে এ বিষয়ে চুন্নুকে কথা বলতে বলেন।
ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের শরিক জাতীয় পার্টির এই সাংসদ বলেন, "কিন্তু মন্ত্রী এবং প্রতিমন্ত্রী সদস্যদের দাবি মানতে অস্বীকার করে বলেন, 'ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বিভাগের জন্য এই যন্ত্রপাতি কেনা অত্যন্ত গুরুত্বপূর্ণ'।"
তিনি আরো বলেন, "কমিটির চেয়ারম্যান এবং সদস্য মির্জা আযমের সঙ্গে এ নিয়ে মন্ত্রীদের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে।"
নাম না প্রকাশ করার শর্তে কমিটির এক সদস্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মন্ত্রীদের সঙ্গে তর্ক-বিতর্কের এক পর্যায়ে চুন্নু কমিটি থেকে পদত্যাগের হুমকি দেন।
চুন্নু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আলোচনার এক পর্যায়ে আমি হালকা ভাবেই কথাটি বলেছি। আমার বক্তব্য ছিলো, মন্ত্রণালয় যদি কার্যাদেশ দিয়েই দেয় তবে তদন্ত করার মানে কী?"
তিনি বলেন, উপস্থিত সদস্যরা সবাই একই যুক্তি তুলে ধরেছেন।
এর আগের বৈঠকে যন্ত্রপাতি কেনার ক্ষেত্রে অনিয়ম অভিযোগের তদন্তে চিফ হুইপ মির্জা আযমকে প্রধান করে ছয় সদস্যের একটি সাব কমিটি গঠন করা হয়েছিলো।
চুন্নুর দাবি, সাব কমিটির প্রথম বৈঠকেই অনিয়মের কিছু প্রমাণ মিলেছে।
তিনি বলেন, "আমাদের জোরালো বিরোধিতা সত্ত্বেও মন্ত্রীরা অনড় ছিলেন এবং তারা বলেন ক্রয় প্রক্রিয়া অব্যাহত থাকবে।
"স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বলেছেন, অনিয়মের উপযুক্ত প্রমাণ পেলেই কেবল ক্রয় প্রক্রিয়া বন্ধ হবে, অন্যথা নয়।"
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রে জানা গেছে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মহাপরিচালকের অফিস থেকে ১৯টি বিশেষ গাড়ী, সিঁড়ি এবং আগুন নেভানোর বিভিন্ন যন্ত্রপাতি কেনার জন্য দর ডাকা হয়।
নামে-বেনামে কিছু লোক এবং ঠিকাদার তখন স্থায়ী কমিটির কাছে এই বিভাগের বিরুদ্ধে অনিয়মের কথা বলে লিখিত অভিযোগ করে। স্থায়ী কমিটি তখন সাব কমিটি গঠন করে।
স্থায়ী কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম এবং সাব কমিটির প্রধান মির্জা আযম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ক্রয় প্রক্রিয়া স্থগিত রাখতে আলাদা চিঠি দেন।
দমকল বিভাগ ঠিকাদারদের সরঞ্জাম কেনার কার্যাদেশ দেওয়ার অপেক্ষায় রয়েছে বলে সূত্রগুলো জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এলএন/জিএনএ/২১৫৩ ঘ.
bdnews24