ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি মনে করছেন, নিরাপত্তা উদ্বেগ দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাভুক্ত (সার্ক) দেশগুলোকে আরো ঘনিষ্ঠ করবে।
ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলন নিয়ে বুধবার জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী বলেন, "অঞ্চলটিতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে। সম্ভবত, এই নিরাপত্তা উদ্বেগই আমাদেরকে একে অপরের আরো ঘনিষ্ঠ করবে।"
"থিম্পুতে ষোড়শ সার্ক শীর্ষ সম্মেলনে আমি এ ধরনের ধারণা পেয়েছি", যোগ করেন তিনি।
দীপু মনি এ সময় আশা প্রকাশ করেন, ভবিষ্যতে দক্ষিণ এশিয়ার দেশগুলো তাদের 'দক্ষিণএশীয় পরিচয়' তুলে ধরতে সক্ষম হবে।
প্রতিষ্ঠার ২৫ বছরেও ভারত-পাকিস্তান বৈরিতার কারণে সার্ক তার সম্ভাবনা ফুটিয়ে তুলতে পারেনি বলে ব্যাপকভাবে মনে করা হয়।
থিম্পুতে সার্ক শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী সৈয়দ ইউসুফ রাজা গিলানীকে করমর্দন করতে দেখা যায়। মুম্বাইয়ে পাকিস্তানভিত্তিক কিছু জঙ্গির সন্ত্রাসী হামলার পর তাদের মধ্যে ওটাই ছিলো প্রথম করমর্দনের ঘটনা। সে সময় দুই নেতা পুনরায় ভারত-পাকিস্তান শান্তি আলোচনা শুরু করতেও সম্মতি প্রকাশ করেন।
কূটনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, পাকিস্তান ও আফগানিস্তানে ক্রমবর্ধমান তালেবান হামলায় একটি নতুন নিরাপত্তা পরিস্থিতি তৈরি হয়েছে। তাই এ অঞ্চলে নতুন নিরাপত্তা কৌশল প্রয়োজন।
ডিপ্লোম্যাটিক করেসপনডেন্ট অ্যাসোসিয়শন অব বাংলাদেশ (ডিক্যাব) এবং ক্যাম্পেইন ফর সাসটেইনেবল রুরাল লাইভলিহুড যৌথভাবে আলোচনা সভার আয়োজন করে।
ডিক্যাব সভাপতি জহিরুল আলমের সভাপতিত্বে সভায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক সুফিউর রহমান ও সাইদা মুনা এবং ট্যারিফ কমিশনের মোস্তফা আবিদ খানও বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এজে/জিএনএ/১৯২৯ ঘ.
bdnews24