পিরোজপুর, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিরোজপুরের জিয়ানগর উপজেলায় এক বিএনপি নেতা খুন হয়েছেন।
নিহত মনিরুজ্জামান মাঝি মানিক (৪০) বিএনপির জিয়ানগর উপজেলা কমিটির সদস্য ছিলেন। বুধবার ভোররাতে উপজেলা সদরের কলারন চণ্ডিপুর এলাকায় বাড়িতে ঢুকে তাকে হত্যা করা হয়।
স্থানীয় বিএনপি বলছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তবে তদন্তের আগে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কিছু বলতে চাচ্ছে না পুলিশ।
মানিক হত্যার প্রতিবাদে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে জিয়ানগর উপজেলা বিএনপি।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ফায়জুল কবির সাংবাদিকদের বলেন, রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা বাড়িতে ঢুকে গলায় ছুরি চালিয়ে মানিককে হত্যা করে।
উপজেলা বিএনপির সভাপতি লতিফ হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মানিক আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হতে চেয়েছিলেন। এছাড়া তার অনেক বিষয় সম্পত্তি রয়েছে। এ দুটি কারণে যে কোনোটি হত্যাকাণ্ডের কারণ হতে পারে।
"তবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড", বলেন তিনি।
হত্যার খবর শুনে পিরোজপুরের পুলিশ সুপার এজেডএম নাফিউল ইসলাম ঘটনাস্থলে যান।
হত্যার কারণ জানতে চাইলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ বিষয়টি তদন্ত শুরু করেছে। তদন্ত শেষ হওয়ার এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।
এদিকে মানিকের ভাই মিজানুর রহমান বাদি হয়ে জিয়ানগর থানায় একটি মামলা করেছেন। মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি।
মানিক হত্যার প্রতিবাদে উপজেলা বিএনপি কার্যালয়ে বুধবার কালো পতাকা ওড়ানো হয় এবং দলের কর্মীরা কালোব্যাজ ধারণ করেন।
বৃহস্পতিবার বালিপাড়া বাজারে প্রতিবাদ সমাবেশেরও ঘোষণা দিয়েছে উপজেলা বিএনপি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭০৬ ঘ.
bdnews24