২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় র‌্যাব অভিযান তদন্তের নির্দেশ

সাতক্ষীরায় এক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টার ঘটনায় র‌্যাবের বিরুদ্ধে রুল জারি করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2010, 07:30 AM

Updated : 25 Aug 2022, 11:14 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরায় এক ব্যক্তিকে গ্রেপ্তারের চেষ্টার ঘটনায় র‌্যাবের বিরুদ্ধে রুল জারি করেছে হাইকোর্ট। ওই ঘটনা তদন্তে একটি কমিটি করতে বলা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত দুই র‌্যাব কর্মকর্তাকে তলব করেছে আদালত। দুটি মানবাধিকার সংগঠনের রিট আবেদনে বিচারপতি এএইচএম শামসুদ্দীন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের বেঞ্চ বুধবার এ আদেশ দেয়। সাতক্ষীরার ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, আদালত তা জানতে চেয়েছে। র‌্যাবের মহাপরিচালক বলা হয়েছে, গত ২২ মে সাতক্ষীরার ঘটনাস্থলে যে সব র‌্যাব সদস্য উপস্থিত ছিলো তাদের তালিকা পাঠাতে। সাতক্ষীরা সদরের নাতুয়ার ডাঙ্গা গ্রামে সেদিন অস্ত্র উদ্ধারের ঘটনা নিয়ে র‌্যাবের কয়েকজন সদস্যকে পাঁচ ঘণ্টার বেশি সময় আটকে রাখে স্থানীয়রা। সফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বাড়ির জানালার গ্রিলের ফাঁক দিয়ে কেউ ঘরের ভেতর অস্ত্র ঢুকিয়ে রাখার চেষ্টা করে এবং একই সময় র‌্যাব সদস্যরা তাদের বাড়িতে ঢোকে বলে শফিকুলের স্ত্রী নিলুফার পারভিন জানান। পরদিন দৈনিক সমকালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সাজানো মামলায় গ্রেপ্তারের চেষ্টা র‌্যাবের, জনগণের প্রতিরোধে ব্যর্থ। মানবাধিকার সংগঠন হিউমেন রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ এবং সোসাইটি অফ জাস্টিস রিট আবেদনের সঙ্গে সমকালের প্রতিবেদনটি উপস্থাপন করে। রিট আবেদনের শুনানিতে সংগঠন দুটির পক্ষে মনজিল মোরসেদ বলেন, "জনগণের জানমালের নিরাপত্তা দেওয়া আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব। কিন্তু তার বদলে এক ব্যক্তিকে একটি সাজানো মামলায় জাড়ানোর অপচেষ্টা চালায় কতিপয় র‌্যাব কর্মকর্তা।" ওই ঘটনার পর আইনশৃঙ্খলা বাহিনী কী পদক্ষেপ নিয়েছে, হাইকোর্ট তা জানাতে বলেছে পুলিশের মহাপরিদর্শক এবং র‌্যাবের মহাপরিচালককে। ঘটনাস্থলে উপস্থিত র‌্যাব কর্মকর্তা মেজর কামরুজ্জামান এবং উপসহকারী পরিচালক দেলোয়ারকে ৮ জুন আদালতে হাজির হতে বলেছে। একইসঙ্গে আগামী তিন মাস তাদের র‌্যাবের কার্যক্রম থেকে সরিয়ে রাখার জন্য বাহিনী প্রধানের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে। যে তদন্ত কমিটি গঠন করতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের না রাখতে বলেছে হাইকোর্ট। প্রতিবেদন দিতে বলা হয়েছে ১০ দিনের মধ্যে। নাতুয়ার ডাঙ্গা গ্রামের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছে আদালত। এ রিট আবেদনের শুনানিতে আদালতকে সহায়তা করতে পাঁচ আইনজীবীকে অ্যামিকাস কিউরিয়া নিয়োগ দিয়েছে হাইকোর্ট। তারা হলেন- আমীর উল ইসলাম, এম জহির, রোকনউদ্দিন মাহমুদ, শাহদীন মালিক ও সারা হোসেন। এর আগে গত নভেম্বরে 'ক্রসফায়ারে' মাদারীপুরে দুই সহোদরের মৃত্যুর পর হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে র‌্যাব ও সরকারের প্রতি রুল জারি করে। ক্রসফায়ারে মৃত্যুর ঘটনাটি কেন আইন বহির্ভূত ঘোষণা করা হবে না, তার কারণ জানতে চেয়েছিলো আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/১৩২৫ ঘ.