ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক স্ত্রী বিদিশার দায়ের করা ৬০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলায় জাতীয় পার্টির চেয়ারম্যান এইচএম এরশাদ লিখিত বক্তব্য পেশে আরো সময় পেলেন। আদালত এজন্য দিন ধার্য করেছে আগামী ৩০ জুন।
মঙ্গলবার ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে মামলার লিখিত জবাব দাখিলের জন্য আবারো সময় চাইলে বিচারক ইমরুল কায়েস এ দিন ধার্য করেন।
এর আগে এরশাদের পক্ষে অ্যাডভোকেট মাহবুবুর রহমান মামলায় প্রতিদ্বন্দ্বিতার জন্য লিখিত জবাব দাখিলে আরো সময় চাইলে বিচারক ২৫ মে দিন ঠিক করেন।
গত ১৮ মার্চ সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক এরশাদের বিরুদ্ধে ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে ৬০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মামলাটি করেন।
মামলার আরজিতে বলা হয়, ২০০৫ সালের ৪ জুন এরশাদ মিথ্যা চুরি ও প্রতারণার অভিযোগ এনে বিদিশাকে গ্রেপ্তার করান। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এরশাদ তাকে পুলিশ হেফাজতে নিয়ে অমানুষিক নির্যাতন করান। তাকে ইলেকট্রিক শক দেওয়া ও তার নখ উপরে ফেলা হয়।
মামলার আরজিতে বিদিশা দাবী করেন, দেশে এবং আন্তজার্তিক অঙ্গনে তিনি বস্ত্র শিল্পে স্বনামধন্য একজন উদ্যোক্তা এবং ব্যবসায়ী। তার ব্যবসা প্রতিষ্ঠান বনানীর বুটিক ইসাবেলা এরশাদের লোকজন দখল করে কয়েক কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এতে তার শারীরিক, মানসিক ও ব্যবসায়িক ক্ষতি হয়। রাজনৈতিক অঙ্গনে তার ভাবমূর্তি ক্ষুন্ন হয়।
গত ২০ এপ্রিল আদালতে এরশাদের আইনজীবী এ মামলা মোকাবেলা করার জন্য ওকালতনামা দাখিল করে লিখিত জবাব দাখিলের সময় চান।
এদিকে ঢাকার অপর একটি আদালতে ছেলে এরিককে পাওয়ার দাবীতে বিদিশার দায়ের করা পারিবারিক মামলায় গত ১৭ মে তারিখে বিদিশাকে জেরা করেছেন তার সাবেক স্বামী এরশাদের আইনজীবী।
জেরা শেষ না হওয়ায় অবশিষ্ট জেরার জন্য আগামী ১ জুন তারিখ ধার্য করেন বিচারক।
সেদিন ঢাকার ১৫তম সহকারী জজ ও পারিবারিক আদালতের বিচারক শাম্মী আখতার এ সাক্ষ্য গ্রহণ করেন।
এরশাদের প্রধান আইনজীবী শেখ মুহম্মদ সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিদিশার দুটি পাসপোর্ট আছে। এ দুই পাসপোর্টে তার জন্ম তারিখ ও স্বামীর নাম ভিন্ন। মূলত এ বিষয়েই তাকে জেরা করা হয়েছে। জেরা চলাকালে বিদিশাকে সাহায্য করেন তার আইনজীবী আব্দুল মান্নান খান ।
বিদিশা ২০০৯ সালের ২৭ মে ঢাকার জেলা জজ আদালতে ছেলে এরিককে পাওয়ার দাবিতে সাবেক রাষ্ট্রপতি ও সামরিক শাসক হুসেইন মুহম্মদ এরশাদের বিরুদ্ধে ওই মামলা দায়ের করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এইচএ/২২৫১ ঘ.
bdnews24