ঢাকা, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত, জি-এইট গ্রুপের প্রতিশ্রুত আর্থিক সহায়তা ও ব্যয়ের ক্ষেত্রগুলো চিহ্নিত এবং ব্যয়ের কর্মকৌশল নির্ধারণে বুধবার ঢাকায় একটি আন্তর্জাতিক সম্মেলন শুরু রচ্ছে।
বুধবার রাজধানীর প্যান-প্যাসিফিক সোনারগাঁও হোটেলে খাদ্য মন্ত্রণালয় আয়োজিত 'বাংলাদেশ খাদ্য নিরাপত্তা বিনিয়োগ ফোরাম' শিরোনামে দুদিনব্যাপী এ সম্মেলন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক মঙ্গলবার তথ্য অধিদপ্তরে (পিআইডি) এক সংবাদ সম্মেলনে এতথ্য জানিয়েছেন। তিনি বিনিয়োগ ফোরামের দুইদিনের বিস্তারিত আলোচ্যসূচি তুলে ধরেন।
খাদ্যমন্ত্রী বলেন, "স্বাধীনতার পর গত তিন দশকে বাংলাদেশ খাদ্য উৎপাদন তিনগুণ বাড়িয়েছে। তারপরও বাংলাদেশের প্রায় পাঁচ কোটি মানুষ দারিদ্রসীমার নিচে বাস করছে।"
তিনি জানান, দেশে তিন কোটি ৬০ লাখ লোক পুষ্টিহীনতার শিকার। শিশুদের প্রায় ৪০ শতাংশই পুষ্টিহীনতায় ভুগছে।
২০০৯ সালে ইতালির লাকুইলায় অনুষ্ঠিত জি-এইট শীর্ষ সম্মেলনে বিশ্ব খাদ্য নিরাপত্তার জন্য দুশ কোটি ডলারের তহবিল গঠন করা হয়। এছাড়া গত বছর অনুষ্ঠিত জি-টোয়েন্টি সম্মেলনে কৃষির উন্নয়নে অতিরিক্ত বাইশশ কোটি ডলার ব্যয়ের অঙ্গীকার করা হয়েছে বলে উল্লেখ করেন খাদ্যমন্ত্রী।
মন্ত্রী জানান, জি-এইট গ্রুপের অন্যতম সদস্য দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশকে খাদ্য নিরাপত্তার মডেল হিসেবে বেছে নিয়েছেন। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ৫০টি দেশ এসব তহবিল থেকে আর্থিক সহায়তা পাবে।
আগামী জুনে কানাডায় জি-এইট সম্মেনে এবং জুলাইয়ে ফিলিপাইনে এশিয়া ফুড সিকিউরিটি ইনভেস্টমেন্ট ফোরামে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
মন্ত্রী জানান, ফোরামে ছয়টি বিষয়ে আলোচনার জন্য প্রস্তাবনা ও কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এ ছয়টি বিষয় হচ্ছে- কৃষি উৎপাদন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তন; কৃষি বিপণন, মূল্য স্থিতি এবং বিশ্ব ও আঞ্চলিক বাণিজ্য; মৎস্য ও প্রাণিসম্পদ খাত; আয় বৃদ্ধি, সামাজিক নিরাপত্তা ও সরকারি খাদ্য বিতরণ; খাদ্য ব্যবহার ও পুষ্টি নিরাপত্তা এবং খাদ্য নিরাপত্তার কর্মকৌশল।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- কৃষি সচিব সি কিউ কে মোসতাক আহমেদ, ভারপ্রাপ্ত খাদ্য সচিব বরুণ দেব মিত্র, ইউএসএআইডি বাংলাদেশ মিশনের প্রধান ডেনিস রলিনস, এফএও এর আবাসিক প্রতিনিধি এ্যাড স্পাইকার্স, বিআইডিএস এর মহাপরিচালক এম কে মুজেরি এবং আইএফপিআরআই এর জ্যেষ্ঠ গবেষক পুর্ণিমা মেনন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/জেবি/পিডি/১৯৫৭ ঘ.
bdnews24