চাঁপাইনবাবগঞ্জ, মে ২৫ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁপাইনবাবগঞ্জের কয়েকটি গ্রামে বজ্রপাতে ছয় শিশুসহ আটজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো পাঁচজন।
এ ছাড়া ঝড়ে উপড়ানো গাছ চাপা পড়ে মারা গেছেন আরেকজন।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর, শিবগঞ্জ ও গোমস্তাপুর উপজেলায় এসব ঘটনা ঘটে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে।
নিহতরা হলেন- সদর উপজেলার রোডপাড়া গ্রামের চতুর্থ শ্রেণীর ছাত্রী সুফিয়া খাতুন (১০), বাখের আলী গ্রামের ষষ্ঠ শ্রেণীর ছাত্র জসিম (১৪), বাগচর গ্রামের ইউসুফ আলী (৮), শিবগঞ্জ উপজেলার মনাকষা গ্রামের মজিবুর রহমান (৩৫) ও ঢোড়বোনা গ্রামের রিপন (১২), গোমস্তাপুর উপজেলার রহনপুর নওদা মিশন এলাকার শেফালী (১২), আব্দুল খালেক (৪২), পারবর্তীপুরের ওয়াসিম (৭) ও বাঙ্গাবাড়ি গ্রামের সেরিনা খাতুন (৪০)।
আহতরা হলেন- সদর উপজেলার চাকপাড়া গ্রামের আরমানী (২০), আলোরী (৪০), বাখের আলী গ্রামে অলিউর রহমান (৭), বাগচর গ্রামের বাহারুল (৩০) ও গোমস্তাপুর উপজেলার রাধানগর গ্রামের হোসেন আলী (১৫)।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরুল ইসলাম পাটোয়ারী জানান, দুপুর ১২টার দিকে বৃষ্টি ও ঝড়ের সময় বাখের আলী গ্রামে একজন মারা যায়। আহত হয় আরেকজন।
রোডপাড়া গ্রামে মারা গেছে একজন। চাকপাড়া গ্রামে আহত হয় দুজন। তাদের স্থানীয় ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।
দুপুর সোয়া ১২টার দিকে বাগচর গ্রামে মারা যায় এক শিশু। আহত হয় তার চাচা। তাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবগঞ্জের ইউএনও আবু তাহের মো. মাসুদ রানা জানান, দুপুরে বজ্রপাতে মনাকষা ও ঢোড়বোনা গ্রামে দুজন মারা গেছে।
গোমস্তাপুরের ইউএনও সাজ্জাদুল হাসান জানান, রহনপুর নওদা মিশন এলাকায় দুজন এবং পারবর্তীপুরে একজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, ঝড়ের উপড়ে যাওয়া একটি গাছের নিচে পড়ে উপজেলার বাঙ্গাবাড়ি গ্রামে সেরিনা খাতুন নামে একজন মারা গেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৯ ঘ.
bdnews24