ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাকাতের টাকা আত্মসাতের অভিযোগে জোট সরকারের ধর্ম প্রতিমন্ত্রী মোশারেফ হোসেন শাজাহান ও সাবেক জামায়াত সাংসদ দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে মামলা করেছে ইসলামিক ফাউন্ডেশন।
এই দু'জন ২০০৪-২০০৫ অর্থ বছরের জাকাত তহবিলের টাকা নিজেদের প্রতিষ্ঠানের নামে বরাদ্দ নিয়ে আত্মসাত করেন বলে মামলায় বলা হয়েছে।
সোমবার দুপুরে ফাউন্ডেশনের পরিচালক (অর্থ ও হিসাব) আইয়ুব আলী চৌধুরী বাদি হয়ে শেরে বাংলা নগর থানায় মামলাটি করেন।
থানার ওসি মো. রিয়াজ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মামলার এজাহারে বলা হয়েছে- এই দু'জনসহ মোট চারজন যোগসাজস করে এক কোটি ২৭ লাখ ৬০ হাজার আত্মসাত করেছেন।
সে সময় মোশারেফ হোসেন প্রতিমন্ত্রী ও সাঈদী ধর্ম মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন।
মামলায় তৎকালীন মসজিদ কাউন্সিল ফর কমিউনিটির চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ ও সাবেক অর্থ ও হিসাব পরিচালক মো. লুৎফুল হককেও আসামি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/জিএনএ/২০১৮ ঘ.
bdnews24