২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিবরিয়া হত্যা: অধিকতর তদন্তে আরো সময়

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার অধিকতর তদন্তের সময় আরেক দফা বাড়িয়েছে আদালত। এ নিয়ে ৩০ দফা সময় বাড়ানো হলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 02:15 PM

Updated : 25 Aug 2022, 10:57 AM

সিলেট, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার অধিকতর তদন্তের সময় আরেক দফা বাড়িয়েছে আদালত। এ নিয়ে ৩০ দফা সময় বাড়ানো হলো। অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আরো সময় চেয়ে সোমবার অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) করা আবেদন মঞ্জুর করেন সিলেট বিভাগীয় দ্রুত বিচার আদালতের বিচারক মুহাম্মদ মাহবুব-উল ইসলাম। আদালত আগামী ৬ জুন মামলার পরবর্তী শুনানি ও অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য করে। এর আগে ১৭ মে মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের সময়সীমা বাড়ানো হয়। বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) কিশোর কুমার কর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালত রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেছেন।" তিনি জানান, প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে সিআইডি অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলে আরো সময় চেয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মো. রফিকুল ইসলাম বলেন, "অধিকতর তদন্ত প্রতিবেদন চূড়ান্ত করার কাজ অনেকটাই এগিয়ে গেছে।" তিনি জানান, মামলার কিছু আসামি এখনো গ্রেপ্তার হয়নি। তাই অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব হচ্ছে। আসামিরা গ্রেপ্তার হলেই আদালতে প্রতিবেদন দেওয়া হবে। কিবরিয়া ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত আওয়ামী লীগ সরকারের অর্থমন্ত্রী ছিলেন। ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যেরবাজারে গ্রেনেড হামলায় তখনকার সংসদ সদস্য কিবরিয়াসহ পাঁচজন নিহত হন। হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় আওয়ামী লীগ নেতা আবদুল মজিদ বাদি হয়ে অজ্ঞাতদের আসামি করে হবিগঞ্জ থানায় মামলা করেন। ২০০৮ সালের ২২ সেপ্টেম্বর উচ্চ আদালতে বাদি পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচার কাজ স্থগিত করে অধিকতর তদন্তের নির্দেশ দেওয়া হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/২০১১ ঘ.