সিলেট, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছয় দিন পর তামাবিল বন্দর দিয়ে পণ্য আনা-নেওয়া আবার শুরু হয়েছে।
ভারতের শিলংয়ে শ্রমিক সংঘাতের কারণে গত মঙ্গলবার থেকে সেখানে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো।
তামাবিল শুল্ক স্টেশনের সুপারিনটেনডেন্ট আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, শিলংয়ের কাছে খাসিয়া ও নেপালি শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় ভারতীয় শ্রমিকরা মঙ্গলবার থেকে তিন দিনের বন্ধ ডাকে।
সোমবার বিকালে ভারতীয় কাস্টমস কর্মকর্তারা বাংলাদেশি কাস্টমসকে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার কথা মৌখিকভাবে জানায় বলে আমিনুল জানান।
বনধ শেষ হওয়ার পর দুই দেশে সরকারি ছুটির কারণে আমদানি-রপ্তানি বন্ধ ছিলো দুদিন।
সোমবার থেকে পণ্য আনা-নেওয়ার কার্যক্রম পুরোদমে চলছে বলে আমিনুল জানান।
তামাবিল শুল্ক স্টেশন দিয়ে বাংলাদেশ থেকে ফলের রস, চিপস, আচার রপ্তানি এবং ভারত থেকে চুনা পাথর, কয়লা ও মাঝেমধ্যে চামড়া আমদানি হয়ে থাকে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৩৪ ঘ.
bdnews24