২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'হরতালের সঙ্গে জঙ্গি হামলার যোগসূত্র আছে'

প্রধান বিরোধী দলের হরতালের সঙ্গে জঙ্গিদের তৎপরতার যোগসূত্র রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 08:18 AM

Updated : 25 Aug 2022, 10:59 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধান বিরোধী দলের হরতালের সঙ্গে জঙ্গিদের তৎপরতার যোগসূত্র রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু। জুরাইনে পুলিশের ওপর বোমা হামলার ঘটনা তুলে ধরে তিনি সোমবার বলেছেন, "আমি শঙ্কিত। হরতাল ঘোষণার সঙ্গে সঙ্গে জঙ্গিরা তৎপর হয়েছে।" বিএনপি আগামী ২৭ জুন সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। তার প্রতি ইঙ্গিত করেই প্রতিমন্ত্রীর এ বক্তব্য। রাজধানীর জুরাইনে সন্দেহভাজন জঙ্গিদের একটি আস্তানায় অভিযান চালানোর সময় রোববার রাতে বোমা হামলায় সাত পুলিশ সদস্য আহত হন। তাদের দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান প্রতিমন্ত্রী। তার সঙ্গে পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদও ছিলেন। "প্রস্তুতি নিয়েই জঙ্গিরা ওই হামলা চালিয়েছে", সাংবাদিকদের বলেন প্রতিমন্ত্রী। রোববার রাতের ওই ঘটনায় আরো চারজন আহত হয়েছে বলে পুলিশ জানায়। বিকাল ৪টায় আহতদের দেখতে হাসপাতালে যান স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, "আপনারা তো ভালো করেই জানেন, কারা এই ঘটনা ঘটিয়েছে। তবে তাদের যে উদ্দেশ্যই থাকুক, জঙ্গি দমনে আমাদের যা করণীয় তা করবো।" কদমতলী থানার ওসি আয়ুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কমিশনার রোডের একটি বাড়ির এক ফ্ল্যাটে তল্লাশি চালাতে গেলে ভেতর থেকে পুলিশকে লক্ষ করে বোমা ছোড়া হয়। হামলাকারীরা হরকাতুল জিহাদ আল ইসলামী (হুজি) সদস্য বলে পুলিশ দাবি করছে। বিস্ফোরণে আহত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেনেড ছোড়ার সময় হাতের কজ্বি উড়ে যাওয়া আবু বকর সিদ্দিক নামের এই ব্যক্তি জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। হাসপাতালে চিকিৎসাধীন সিদ্দিক জানান, বাসাটিতে তিনি, তার স্ত্রী এবং মিলন নামে তার এক বন্ধু স্ত্রীসহ বাস করতেন। মিলন জেহাদের মাধ্যমে জান্নাত লাভের কথা বলে তাকে এই পথে নিয়ে আসে। রোববার রাতে পুলিশ ঘিরে ফেলার পর একটি গ্রেনেড বিস্ফোরণ ঘটাতে গেলে সেটি তার হাতেই ফেটে যায়। পুলিশ কর্মকর্তা আয়ুবুর বলেন, পুলিশের বিশেষ শাখার জঙ্গি দমন ইউনিটের একটি দল অতিরিক্ত পুলিশ সুপার জান্নাতুল হাসানের নেতৃত্বে কমিশনার রোডের ওই বাড়িতে অভিযানে যায়। তাদের সহায়তা করে কদমতলী থানা পুলিশ। ওসি বলেন, "বাড়ির মালিক নান্নু হাজিকে সঙ্গে করে সন্দেহভাজনদের ধরতে তিনতলায় ফ্ল্যাটটিতে গেলে ভেতর থেকে দরজা খুলেই বোমা ছুড়ে মারা হয়।" দরজার সামনে ও সিঁড়িতে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা বিস্ফোরণে আহত হয় বলে তিনি জানান। আহতদের মধ্যে বাড়িওয়ালাসহ স্থানীয় দুজন রয়েছেন বলে পুলিশ জানায়। আহত এক পুলিশ সদস্য সাংবাদিকদের বলেন, "এক মহিলা দরজা খুলে দেয়। ভেতরে অন্ধকার ছিলো। লাইট জ্বালিয়ে পুলিশ দেখতে পেয়েই ভেতর থেকে বোমা ছুড়ে মারা হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/পিডি/১৯১২ ঘ.