দিনাজপুর, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্থায়ী নিয়োগ এবং বকেয়া বেতনের দাবিতে মধ্যপাড়া কঠিন শিলা খনির শ্রমিকদের ধর্মঘট দ্বিতীয় দিনের মতো চলছে।
গত রোববার থেকে শ্রমিকরা ধর্মঘট শুরু করে। ফলে খনি থেকে পাথর উত্তোলন বন্ধ রয়েছে।
শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি মমিনুল হক সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা মিছিল-মিটিং করছেন। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবেন তারা।
দাবি-দাওয়া নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় বসতে আগ্রহের কথাও জানান তিনি।
মমিনুল বলেন, "গতকাল (রোববার) খনি কর্তৃপক্ষ আলোচনায় আহ্বান জানিয়েও বসেনি।"
তবে শ্রমিকদের এ বক্তব্য প্রত্যাখ্যান করে মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড (এমজিএমসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "তারা অসত্য বলছে। আমরা আলোচনায় এলাকার কিছু দায়িত্ববান লোককে আমন্ত্রণ জানালে শ্রমিক কর্মচারীরা তা প্রত্যাখ্যান করে আলোচনায় আসেননি।"
তৃতীয় পক্ষকে আলোচনায় ডাকার কারণ সম্পর্কে তিনি বলেন, "আলোচনায় এক সিদ্ধান্ত হয় বাইরে গিয়ে অন্য কথা বলা হয়। এটা যাতে না হয় সে কারণেই এলাকাবাসীকে তৃতীয় পক্ষ হিসাবে বৈঠকে রাখতে চাই।"
ধর্মঘটী শ্রমিকরা বলছে, প্রশিক্ষণের সময় স্থায়ী নিয়োগের প্রতিশ্র"তি দেওয়া হলেও তাদের চাকরি স্থায়ী হচ্ছে না। কর্তৃপক্ষ অবশ্য বলছে, নিয়ম অনুযায়ী খনিতে ঠিকাদারের মাধ্যমে শ্রমিক নিয়োগ করা হচ্ছে।
মধ্যপাড়া গ্রানাইট মাইনিং কোম্পানি লিমিটেড পরিচালিত ওই খনিতে মোট শ্রমিকের সংখ্যা ২৯২ জন। এর মধ্যে ২৬৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত বলে শ্রমিকরা বলছেন।
বর্তমানে বুস্টার সার্ভিসেস নামে একটি প্রতিষ্ঠান খনিতে শ্রমিক সরবরাহ করছে।
দিনাজপুরের পার্বতীপুর উপজেলার এ খনি থেকে বছরে সাড়ে ১৬ লাখ টন গ্রানাইট পাথর উত্তোলন করা হয়। এ শিলা বাঁধ, সেতু, সড়ক নির্মাণে ব্যবহৃত হয়। খনি থেকে প্রতি টন শিলা উত্তোলনে গড় খরচ ৭০২ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৩০ ঘ.
bdnews24