২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইলার এক বছর পরও দুর্ভোগ ছাড়েনি

আইলা দুর্গত খুলনার দাকোপ উপজেলার কয়েক হাজার মানুষ এখনো বাড়ি ফিরতে পারেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 06:21 AM

Updated : 25 Aug 2022, 11:00 AM

খুলনা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইলা দুর্গত খুলনার দাকোপ উপজেলার কয়েক হাজার মানুষ এখনো বাড়ি ফিরতে পারেনি। এক বছর আগের ওই ঘূর্ণিঝড়ে বাঁধ ভেঙে প্লাবিত হয় দাকোপের বিস্তীর্ণ এলাকা। ভেঙে যায় বাঁধ, তা মেরামত না হওয়ায় এখনো জোয়ারে তলিয়ে যায় সুতারখালী ও কামারখোলা ইউনিয়ন। সুতারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিধু নারায়ণ সরদার রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সুতারখালী এবং কামারখোলা ইউনিয়নের ১০ হাজার পরিবারের কমপক্ষে ৫০ হাজার মানুষ এখনো বেড়িবাঁধের ওপর গরু-ছাগল-হাঁস-মুরগি নিয়ে অস্বাস্থ্যকর জীবনযাপন করছে। ২০০৯ সালের ২৫ মে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আইলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় খুলনার দাকোপ ও কয়রা উপজেলা। ঝড়ে খুলনায় অন্তত ২৩ জনের মৃত্যু হয়। সেখানে বিশুদ্ধ পানির অভাব প্রকট। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী শফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দাকোপের ক্ষতিগ্রস্ত ২৭ কিলোমিটার বেড়িবাঁধ সংস্কার এখনো হয়নি। তবে আংশিক ক্ষতিগ্রস্ত ৩৫ কিলোমিটার বেড়িবাঁধের কিছুটা সংস্কার করা হয়েছে। একইভাবে কয়রা উপজেলার ক্ষতিগ্রস্ত ৩০ কিলোমিটার বেড়িবাঁধ এখনো সংস্কার করা হয়নি। কামারখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমরেশ চন্দ্র রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুর্গত এলাকায় খাবার পানির তীব্র সঙ্কট চলছে। দূষিত পানির কারণে মানুষ নানা রোগে আক্রান্ত হচ্ছে।" উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আকবর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্গত এলাকায় ৫/৬টি মেডিকেল টিম কাজ করলেও জনসংখ্যার তুলনায় টিমের সংখ্যা কম। "পাশাপাশি ওষুধ সরবরাহও কম, যে কারণে সবার স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না", বলেন তিনি। সুতারখালী ইউনিয়নের বাসিন্দা হরেন্দ্র নাথ মণ্ডল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এক বছর ধরে রাস্তার ওপর থাকলেও সরকার ঘরবাড়ি তৈরি করে দেবে বললেও তা আজ পর্যন্ত দেয়নি।" "একে তো ঘরবাড়ি নেই, তার ওপর বৃষ্টি নতুন দুর্ভোগের সৃষ্টি করছে", বলেন কামারখোলা ইউনিয়নের সলেমান মিয়া। আইলা দুর্গতদের পুনর্বাসনে সরকারি তৎপরতায় ঘাটতি রয়েছে বলে মনে করেন সরকার দলীয় সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। তিনি রোববার রাজধানী এক আলোচনা সভায় এ মত প্রকাশ করে এ জন্য স্থানীয় কর্মকর্তাদের গাফিলতি এবং পুনর্বাসন কাজে সমন্বয়হীনতার অভাবকেই দায়ী করেন। খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. অতিয়ার রহমান বিশ্বাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইলা দুর্গতদের সহায়তায় এ পর্যন্ত গৃহ নির্মাণ বাবদ ৬ কোটি ৬৫ লাখ ১৯ হাজার টাকা, ৬ হাজার ২০৭ মেট্রিক টন চাল, খয়রাতি সাহায্য ২ কোটি ৮ লাখ ১০ হাজার টাকা এবং ৩৮ হাজার ৮১০টি পরিবারের প্রত্যেক পরিবারকে প্রতিমাসে ভিজিএফ কার্ডের মাধ্যমে ২০ কেজি করে চাল দেওয়া হচ্ছে। দাকোপের কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইলার পর ৪ হাজার ৫০০ হেক্টর জমিতে এক বছরে কোনো ফসল ফলানো সম্ভব হয়নি। এতে আর্থিক ক্ষতির পরিমাণ ৪ কোটি ২৩ লাখ টাকা। উপজেলা মৎস্য সম্পদ কর্মকর্তা রিপন কান্তি ঘোষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আইলায় ২০০টি পুকুর এবং ১ হাজার ৯১৪টি মৎস্য ঘের ভেসে ২৯ কোটি ২৩ লাখ ৩১ হাজার ৬০০ টাকার ক্ষতি হয়। প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আতাউর রহমান রাজু জানান, আইলায় ২৪৪টি গরু, ১৬৬টি ছাগল, ৯৩০টি ভেড়া এবং কয়েক হাজার হাঁস-মুরগি মারা যায়। যার আনুমানিক ক্ষতি ২৩ লাখ ৮২ হাজার টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২১৫ ঘ.