২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তল্লাশির সময় পুলিশকে লক্ষ করে বোমা

রাজধানীর কদমতলী থানায় বোমা হামলায় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 05:30 AM

Updated : 25 Aug 2022, 11:00 AM

ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কদমতলী থানায় বোমা হামলায় সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার রাতে রাজধানীর জুরাইনের ওই ঘটনায় আরো চারজন আহত হয়েছে বলে পুলিশ জানায়। কদমতলী থানার ওসি আয়ুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কমিশনার রোডের একটি বাড়ির এক ফ্ল্যাটে তল্লাশি চালাতে গেলে ভেতর থেকে পুলিশকে লক্ষ করে বোমা ছোড়া হয়। হামলাকারীরা জঙ্গি বলে পুলিশ দাবি করছে। বিস্ফোরণে আহত একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আহত পুলিশ সদস্যদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু সোমবার সকালে আহত পুলিশ সদস্যদের দেখতে হাসপাতাল দুটিতে যান। তিনি তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। ঢাকা মহানগর পুলিশ কমিশনার একেএম শহিদুল হক আহতদের দেখতে রাতেই হাসপাতালে যান। পুলিশ কর্মকর্তা আয়ুবুর বলেন, পুলিশের বিশেষ শাখার জঙ্গি দমন ইউনিটের একটি দল অতিরিক্ত পুলিশ সুপার জান্নাতুল হাসানের নেতৃত্বে কমিশনার রোডের ওই বাড়িতে অভিযানে যায়। তাদের সহায়তা করে কদমতলী থানা পুলিশ। ওসি বলেন, "বাড়ির মালিক নান্নু হাজিকে সঙ্গে করে সন্দেহভাজনদের ধরতে তিনতলায় ফ্ল্যাটটিতে গেলে ভেতর থেকে দরজা খুলেই বোমা ছুড়ে মারা হয়।" দরজার সামনে ও সিঁড়িতে দাঁড়িয়ে থাকা পুলিশ সদস্যরা বিস্ফোরণে আহত হয় বলে তিনি জানান। আহতদের মধ্যে বাড়িওয়ালাসহ স্থানীয় দুজন রয়েছেন বলে পুলিশ জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১১১৮ ঘ.