সিরাজগঞ্জ, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় একটি শ্যালোইঞ্জিনচালিত টেম্পু চুরমার হয়ে দুজন নিহত এবং চারজন আহত হয়েছে।
রোববার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে রেল পুলিশ ও স্থানীয়রা জানায়।
নিহতরা হলেন- মোহাম্মদ আলী (৫০) ও আব্দুল হামিদ (৪৫)। তাদের বাড়ি বেলকুচি উপজেলার সমেশপুর গ্রামে।
স্থানীয়রা জানায়, সলপ রেল স্টেশন সংলগ্ন লেভেল ক্রসিংয়ে রাজশাহী থেকে ঢাকাগামী পদ্মা এক্সপ্রেসের ধাক্কায় টেম্পু থেকে দুই যাত্রী ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি মো. মোরছালিন হোসেন সাংবাদিকদের বলেন, নিয়ম না মেনে পার হওয়ার সময় টেম্পুটির সঙ্গে ট্রেনের সংঘর্ষ হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১০১ ঘ.
bdnews24