২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গভীর রাতে নোমানের বাসায় মঞ্জুর

মান ভাঙাতে গভীর রাতে আবদুল্লাহ আল নোমানের বাসায় গিয়েছিলেন বন্দরনগরীর মেয়র নির্বাচনে বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মঞ্জুর আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2010, 03:05 AM

Updated : 25 Aug 2022, 11:01 AM

চট্টগ্রাম, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মান ভাঙাতে গভীর রাতে আবদুল্লাহ আল নোমানের বাসায় গিয়েছিলেন বন্দরনগরীর মেয়র নির্বাচনে বিএনপি সমর্থিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী এম মঞ্জুর আলম। আসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে (সিসিসি) মঞ্জুরকে সমর্থন দেওয়ার আগে বিএনপির একজন শক্তিশালী প্রার্থী হিসেবে ব্যাপকভাবে আলোচিত হয় সাবেক মন্ত্রী নোমানের নাম। দলীয় সিদ্ধান্ত হলে নির্বাচন করার ইঙ্গিতও দিয়েছিলেন চট্টগ্রাম বিএনপির প্রভাবশালী নেতা ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান নোমান। সিসিসি নির্বাচনে মঞ্জুরের প্রধান নির্বাচনী এজেন্ট মহানগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গেও নোমানের বিরোধ দীর্ঘদিনের। মঞ্জুর রোববার রাত পৌনে ১২টার দিকে নগরীর কাজীর দেউরী এলাকার ভিআইপি টাওয়ারের চারতলায় নোমানের বাসায় যান। নোমান তখন তার ঘর থেকে বেরিয়ে মঞ্জুরকে জড়িয়ে ধরে ভেতরে নিয়ে যান। এসময় বাসায় মহানগর বিএনপির নোমানপন্থী কিছু নেতাকর্মী ছিলেন। মঞ্জুর তাদের সঙ্গে কুশল বিনিময় এবং আসন্ন নির্বাচন নিয়ে তাদের সহযোগিতা কামনা করেন। মঞ্জুরের একান্ত সহযোগী আবদুর রহিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিটি কর্পোরেশন নির্বাচনে দলের সব পর্যায়ের নেতার সঙ্গে সাক্ষাতের অংশ হিসেবে তিনি নোমান সাহেবের বাসায় গেছেন।" নোমানের ঘরে মঞ্জুর আধা ঘণ্টার মতো ছিলেন। সেখানে একান্তে তাদের কী আলাপ হয় তা জানা যায়নি। ১৭ জুন অনুষ্ঠেয় সিসিসি নির্বাচনকে সামনে রেখে বিএনপির বিরোধ নিরসনে মেয়রপ্রার্থী মঞ্জুর দলের বিভিন্ন নেতার বাসায় যাচ্ছেন। এর আগে গত শনিবার গিয়েছিলেন বিএনপির মহানগর সহ-সভাপতি ও মেয়র পদে মনোনয়ন চাওয়া দস্তগীর চৌধুরীর বাসায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এজে/০৯০১ ঘ.