রাজশাহী, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক যুবককে নির্যাতনের অভিযোগে এক পুলিশ কর্মকর্তার অপসারণের দাবিতে বাঘা উপজেলা সদরে রোববার দিনভর বিক্ষোভ করেছে স্থানীয় লোকজন।
উপজেলার ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত বুধবার সন্ধ্যায় বাঘার বাসিন্দা ও নাটোরের নবাব সিরাজ-উদ-দ্দৌলা কলেজের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র আবু তালেব মটর সাইকেল চালিয়ে বাজারে যাচ্ছিলেন। থানার উপ-পরিদর্শক মনসুর হাবীব এ সময় গাড়ি থামিয়ে তার পরিচয় জানতে চায়।
তার অভিযোগ, পরিচয় পাওয়ার পরও মনসুর তাকে লাঠিপেটা করে দড়ি দিয়ে বেঁধে থানায় নিয়ে যান।
তালেবের ভাই সুমনও একই অভিযোগ করে বলেন, মনসুর থানার ভেতরেও নির্যাতন চালালে অসুস্থ হয়ে পড়া তালেবকে স্থানীয়দের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
উপ-পরিদর্শক মনসুরকে এ বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, দায়িত্ব পালনকালে পরিচয় জানতে চাইলে তা না করে তালেব দ্রুত বাঘা বাজারে চলে যান। সেখানে গিয়ে গাড়ির কাগজপত্র না দেখতে চেয়ে না পাওয়ায় তাকে থানায় এনে মটর সাইকেলসহ আটক করে মামলা দেওয়া হয়।
নির্যাতনের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, "তালেবকে লাঠিপেটা করা হয়নি, কয়েকটি চড় দেওয়া হয়েছে"।
রোববার ঘটনার প্রতিবাদের সময় থানার ওসি আমিনুর রহমান ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের শান্ত থাকার আহ্বান জানান এবং উর্দ্ধতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/জিএনএ/২২০০ ঘ.
bdnews24