ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আরো চার জেলায় জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল করা হয়েছে। এছাড়া উপসচিবসহ প্রশাসনে প্রেষণে নিয়োজিত সশস্ত্র বাহিনীর কয়েকজন কর্মকর্তার পদে রদবদল করা হয়।
রোববার সংস্থাপন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে।
নতুন নিয়োগ পাওয়া ডিসিরা হলেন- প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব সুশান্ত কুমার সাহা ও চাপাই নবাবগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বেনজামিন হেমব্রোম। সুশান্তকে মাগুরা ও বেনজামিনকে মেহেরপুরের ডিসি করা হয়।
মাগুরার ডিসি মুহাম্মদ দিলওয়ার বখতকে রাজশাহী ও মেহেরপুরের ডিসি মোহাম্মদ জামালউদ্দিন আহমেদকে দিনাজপুরে বদলি করা হয়েছে।
রাজশাহীর ডিসি সেফাউল করিমকে কৃষি মন্ত্রণালয়ে ও ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) নজরুল ইসলামকে শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব পদে বদলি করা হয়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক পদে প্রেষণে কর্মরত উপসচিব আবুল কালাম আজাদকে প্রত্যাহার করে পদায়নের জন্য সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের মধ্যে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী আবু তাহের মো. ইব্রাহিমকে প্রত্যাহার করে সশস্ত্র বাহিনীতে ফেরত পাঠানো হয়।
ওই হাসপাতালের নতুন পরিচালক হয়েছেন ঢাকা সিটি করপোরেশনের (ডিসিসি) প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (সিএইচও) ব্রিগেডিয়ার জেনারেল শওকত আলী। ডিসিসি'র সিএইচও পদে নতুন নিয়োগ পান বিডিআর-এর ডিএমএস কর্নেল নাসির উদ্দিন।
এদিকে আর্মড ফোর্সেস মেডিকেল কলেজের ডেপুটি কমান্ড্যান্ট (উপ-অধিনায়ক) ব্রিগেডিয়ার জেনারেল বজলে কাদেরকে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)-এর মেডিকেল ফ্যাকালটির ডিন পদে প্রেষণে নিয়োগ করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এইচএ/১৯১৯ ঘ.
bdnews24