গাজীপুর, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরের টঙ্গীতে আহসানউল্লাহ মাস্টার ফ্লাইওভার উদ্বোধন করেছেন।
বিকাল পৌনে ৪টার দিকে ফ্লাইওভারের পশ্চিম প্রান্তে নামফলক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, সংসদ সদস্য আকম মোজাম্মেল হক, জাহিদ আহসান রাসেল, মেহের আফরোজ চুমকি।
এছাড়া যোগাযোগ সচিব মোজাম্মেল হক, সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী সালমা আক্তারও ছিলেন অনুষ্ঠানে।
২০০৬ সালের ১৬ মার্চ স্টেশন রোড এলাকায় রেল লাইনের ওপর এ ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয়।
গাজীপুর সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী ফকির আবদুর রব জানান, ৩৫০ মিটার দৈর্ঘ্যরে এ ফ্লাইওভার নির্মাণে ব্যয় হয়েছে ২৩ কোটি ৭৮ লাখ টাকা।
এর দুই লেনের প্রতিটির প্রস্থ ৭ দশমিক ৫ মিটার। ফুটপাত আছে ০ দশমিক ৬ মিটার করে। এতে স্প্যানের সংখ্যা ১৪টি।
এ ফ্লাইওভার হলে ঢাকা ও উত্তরবঙ্গের গাড়িগুলো অল্প সময়ে টঙ্গী হয়ে নরসিংদী, ভৈরব, সিলেট ও কিশোরগঞ্জ যেতে পারবে জানিয়ে প্রকৌশলী রব আশা করছেন, এতে ঢাকা ও কাঁচপুর সেতুর ওপর গাড়ির চাপ কমবে।
ফ্লাইওভার উদ্বোধনের পর প্রধানমন্ত্রী স্থানীয় টেলিফোন শিল্প সংস্থার মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৬ ঘ.
bdnews24