২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনস্বার্থ ছাড়া গাড়ি রিকুইজিশন নয়: হাইকোর্ট

জনস্বার্থ ছাড়া কোনো গাড়ি রিকুইজিশন না করতে সরকার ও পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2010, 09:30 AM

Updated : 25 Aug 2022, 10:54 AM

ঢাকা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জনস্বার্থ ছাড়া কোনো গাড়ি রিকুইজিশন না করতে সরকার ও পুলিশকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি গাড়ি রিকুইজিশন সংক্রান্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশের ১০৩ (ক) ধারাটি কেন বেআইনি ও সংবিধান পরিপন্থী ঘোষণা করা হবে না, তার কারণও জানতে চাওয়া হয়েছে। বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. দেলোয়ার হোসেনের বেঞ্চ রোববার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) দায়ের করা জনস্বার্থ রিট আবেদনে এ আদেশ দেয়। এছাড়া গাড়ি রিকুইজিশনের সময় মালিক বা চালককে হয়রানি না করতে এবং গাড়ির কোনো ক্ষতি হলে সাত দিনের মধ্যে ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশনা দেওয়া হয়েছে। রিকুইজিশন করা গাড়ি কোনো সরকারি কর্মকর্তার ব্যক্তিগত কাজে ব্যবহার না করতেও নির্দেশ দেয় আদালত। রিট আবেদনের শুনানিতে রিকুইজিশন করা গাড়ির মালিক বা চালককে বর্তমান হারে ভাড়া পরিশোধের আদেশ চাওয়া হয়। রিট আবেদনটির ওপর শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। তিনি শুনানিতে বলেন, গাড়ি রিকুইজিশন করে সরকারি কর্মকর্তারা ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। আদালতে সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নজরুল ইসলাম তালুকদার। আদালত গত ১৪ মে যুগান্তর পত্রিকায় 'রাজধানীতে গাড়ি রিকুইজিশন নিয়ে পুলিশ ক্যাব-চালক সংঘর্ষ : গ্রেফতার ৮' শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে যে তিন পুলিশ কর্মকর্তার ছবি ছাপা হয়েছে আগামী তিন দিনের মধ্যে তাদের নাম, বর্তমান অবস্থান ও ট্যাক্সি চালকের নাম-ঠিকানা আদালতে জমা দিতে ঢাকার পুলিশ কমিশনারকে নির্দেশ দেয়। আগামী ৭ জুন রিট আবেদনটির ওপর পরবর্তী শুনানির তারিখ ঠিক করা হয়েছে। রিট আবেদনের শুনানিতে সহযোগিতার জন্য রফিক উল হক, রোকনউদ্দিন মাহমুদ, এম আমীর উল ইসলাম, আজমালুল হোসেন কিউসি, মাহমুদুল ইসলাম, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহাবুব হোসেন এবং সাবেক সভাপতি এএফএম মেজবাহ উদ্দিনকে অ্যামিকাস কিউরিয়া নিয়োগ দিয়েছে আদালত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমআই/১৫২৫ ঘ.