রাজবাড়ী, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজবাড়ীর পাংশা উপজেলার এক বাজারে আগুন লেগে আটটি দোকান পুড়ে গেছে।
রোববার ভোর সাড়ে ৫টার দিকে রায়নগর স্লুইসগেট সংলগ্ন বাজারে এ আগুন লাগে।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে পাংশার দমকল কর্মীরা।
তারা জানান, আগুনে সোনা, ওষুধ, স্টুডিও ও মুদি দোকানসহ আটটি ব্যবসায়ী প্রতিষ্ঠান পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে রায়নগর মাদ্রাসাও।
ক্ষতিগ্রস্ত তুলি রানী, বিশ্বজিৎ, রুবেল মাহমুদ, জিল্লুর রহমান, মোহম্মদ আলম, জামাল এবং সালাম মিয়ার দাবি, আগুনে তাদের প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
পাংশা দমকল বাহিনীর স্টেশন মাস্টার সাংবাদিকদের বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৩২২ ঘ.
bdnews24