কুমিল্লা, মে ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুমিল্লায় লাইনচ্যুত মালবাহী ট্রেনের বগি উদ্ধারের পর ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল চলাচল পুনরায় শুরু হয়েছে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে কুমিল্লা শহরের ৫ কিলোমিটার উত্তরে রসুলপুর ও রাজাপুর স্টেশনের মাঝামাঝি এলাকায় মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়।
বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক আখতারুজামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১টা ২০ মিনিটে বগিটি উদ্ধার করার পর রেল চলাচল স্বাভাবিক হয়।
দুর্ঘটনার কারণে চট্টগ্রাম থেকে ঢাকামুখী সুবর্ণ এক্সপ্রেস ট্রেনটি কুমিল্লায় আটকা পড়ে। এটি ঢাকার পথে রওনা হয়েছে। তবে প্রায় চার ঘণ্টা চলাচল বন্ধ থাকায় এটি ঢাকায় পৌঁছতে নির্ধারিতের বেশি সময় লাগছে।
কুমিল্লার দুর্ঘটনার কারণে যাতায়াতে এছাড়া আর বড় ধরনের কোনো সমস্যা দেখা দেয়নি বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রেলওয়ের পূর্বাঞ্চলের স্টেশন ম্যানেজার ইব্রাহিম খলিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেআরসি/এমআই/১৩৪৫ ঘ.
bdnews24