২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলজিইডির ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রের কাজ চলছে

বাগেরহাটে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) ৪১টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণের কাজ অব্যাহত রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2010, 04:02 PM

Updated : 25 Aug 2022, 10:50 AM

বাগেরহাট, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের (এলজিইডি) ৪১টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণের কাজ অব্যাহত রয়েছে। এর মধ্যে ১৫টি ইতোমধ্যে শেষ হয়েছে। বাকিগুলোও শেষের পথে। এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় বর্তমান ১৫৩টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র রয়েছে বলে জেলা এলজিইডি কার্যালয় জানিয়েছে। সব আশ্রয় কেন্দ্র নির্মাণ কাজ শেষ হলে জেলার প্রায় পঞ্চাশ হাজার মানুষের দুর্যোগকালীন আশ্রয় সুবিধা নিশ্চিত করা যাবে। স্বাভাবিক সময়ে এগুলো বিদ্যালয় হিসেবে ব্যবহৃত হবে। শনিবার বাগেরহাট এলজিইডি'র নির্বাহী প্রকৌশলী সুশান্ত কুমার পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রাইমারি অ্যাডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট-২ এর আওতায় এশীয় উন্নয়ন ব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থার অর্থায়নে জেলার শরণখোলা, মোরেলগঞ্জ, রামপাল, মংলা ও কচুয়া উপজেলায় ৪১টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে রয়েছে শরণখোলায় সাতটি, মোরেলগঞ্জে ত্রিশটি, রামপালে দু'টি এবং কচুয়া ও মংলায় একটি করে। তিনি আরো জানান, ২০০৭ সালের ১৫ নভেম্বরের ঘূর্ণিঝড় সিডরের পর সেনাবাহিনী, বিভিন্ন দাতা সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠান জেলায় ৪০টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র নির্মাণ করেছে। বাকি গুলোর কাজও প্রায় শেষের পথে। এলজিইডির এই ৪১টি আশ্রয় কেন্দ্রে দুর্যোগের সময়ে প্রায় পঞ্চাশ হাজার মানুষ আশ্রয় নিতে পারবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১৪২ ঘ.