২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১ লাখ লিটার চোরাই ডিজেল আটক

চোরাই পথে আনার পর ভোলায় কার্গো জাহাজ থেকে খালাসের সময় ১ লাখ লিটার ডিজেল আটক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2010, 12:49 PM

Updated : 25 Aug 2022, 10:51 AM

ভোলা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চোরাই পথে আনার পর ভোলায় কার্গো জাহাজ থেকে খালাসের সময় ১ লাখ লিটার ডিজেল আটক করা হয়েছে। শনিবার ভোররাতে ভোলার পাঙ্গাশিয়া লঞ্চঘাট থেকে তেলবাহী জাহাজটি আটক করা হয় বলে জানিয়েছেন র‌্যাব-৮ এর কর্মকর্তা মেজর রাশেদ। তিনি বলেন, জাহাজ থেকে তেল ভরা হচ্ছিলো ১২টি লরিতে, সেগুলো আটক করা হয়েছে। এছাড়া একটি পাজেরো জিপসহ আটজনকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন- জাহাজের সুকানী চরনোয়াবাদের মো. সালাউদ্দিন (২৬), উত্তর বাপ্তা এলাকার ওমর ফারুক (২০), চরশিফলীর বিল্লাল হোসেন (২৪), চরনোয়াবাদের মো.হান্নান (৪৫), চর ভেদুরিয়ার মো. সিরাজ (২০), চরফ্যাশনের মো. বাচ্চু (২১), চরনোয়াবাদের মো. সুজন নাছির (২৫) ও চরখালির আনোয়ার হোসেন। মেজর রাশেদ জানান, চট্টগ্রাম থেকে খুলনাগামী ডিজেলবাহী একটি জাহাজ থেকে জমির শাহ-৪ নামের ট্যাংকারটিতে তেলবোঝাই করা হয়। এরপর ভোলায় এনে তা থেকে তেল খালাসের প্রক্রিয়া চলছিলো। র‌্যাব-৮ এর উপসহকারী পরিচালক মো. জমিরউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটক ডিজেলের দাম প্রায় ৪২ লাখ টাকা। তিনি বলেন, "ট্যাংকার থেকে তেল নেওয়ার অপেক্ষায় ছিলো ১২টি লরি। র‌্যাবের অভিযান টের পেয়ে লরিগুলোর চালকরা পালিয়ে যায়। তবে তেল খালাসে জড়িত আটজনকে গ্রেপ্তার করা হয়।" এ বিষয়ে র‌্যাবের পক্ষ থেকে মামলা করা হবে বলে জমির জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমআই/১৮৪০ ঘ.