ঢাকা, মে ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সম্প্রচার বন্ধের রায় নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের দেওয়া বক্তব্য সঠিক নয় বলে দাবি করেছেন যমুনা টেলিভিশনের প্রধান কৌঁসুলি ব্যারিস্টার রফিক উল হক।
যমুনা টেলিভিশনের সম্প্রচার বন্ধ ও তরঙ্গ বাতিলের আদেশ বৈধ বলে গত বৃহস্পতিবার রায় দেয় আদালত।
রায়ের পর মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, লাইসেন্স না নিয়েই যমুনা টিভি সম্প্রচার শুরু করেছিলো।
২০০৭ সালে যমুনা টেলিভিশনের অনাপত্তিপত্রের মেয়াদ শেষ হয়ে যায় বলে অ্যাটর্নি জেনারেলের বক্তব্য সঠিক নয় দাবি করে রফিক বলেন, "২০০৭ সালে যদি অনাপত্তিপত্রের মেয়াদ শেষ হয়ে যায়, তাহলে ২০০৮ সালের ২০ নভেম্বর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কেন যমুনাকে তরঙ্গ বরাদ্দ দিল? অনাপত্তিপত্র ছাড়া বিটিআরসি কখনোই তরঙ্গ বরাদ্দ দেয় না।"
"আপিল বিভাগ যমুনার পক্ষে রায়ে বলেছে অনাপত্তিপত্রের কোনো সময়সীমা নেই", বলেন তিনি।
শনিবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে রফিক বলেন, যমুনা টেলিভিশন সম্পর্কে হাইকোর্টের রায়কে গণমাধ্যমে 'বিভ্রান্তিকরভাবে' উপস্থাপন করা হয়েছে।
"সাব জুডিস ম্যাটার হওয়ায় আদালতের রায় সম্পর্কে মন্তব্য করতে চাই না। তবে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তা দূর করতেই আজকের এ সংবাদ সম্মেলন", বলেন তিনি।
রফিক বলেন, "রায় সম্পর্কে বিভিন্ন গণমাধ্যমে বলা হয়েছে, যমুনা টেলিভিশনের আবেদন কোর্ট খারিজ করে দিয়েছে। এটা সঠিক নয়। প্রকৃতপক্ষে কোর্ট যমুনার আবেদন নিষ্পত্তি করে সরকারের কাছে করা অনাপত্তিপত্রের আবেদনটি নিষ্পত্তি করতে বলেছে।"
অনাপত্তিপত্র না থাকার কারণ দেখিয়ে গত ১৯ নভেম্বর বিটিআরসি যমুনা টিভির পরীক্ষামূলক সম্প্রচার বন্ধ করে দেয়। এরপর ২২ নভেম্বর রিট আবেদন দায়ের করে যমুনা টিভি কর্তৃপক্ষ।
ব্যারিস্টার রফিক জানান, হাইকোর্টের রায়ের অনুলিপি পাওয়ার পর তারা পরবর্তী পদক্ষেপ নেবেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমআই/১৬২০ ঘ.
bdnews24