চট্টগ্রাম, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী এম. মঞ্জুর আলমকে আনুষ্ঠানিকভাবে সমর্থন দিয়েছে বিএনপি।
শুক্রবার বিকালে নগরীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন আয়োজিত প্রার্থী পরিচিতি ও মতবিনিময় সভায় বিএনপির উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও মহানগর সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী এ সমর্থনের কথা ঘোষণা দেন।
অনুষ্ঠানে মেয়র প্রার্থী মঞ্জুর আলম বলেন, "আমি চট্টগ্রামবাসীর সমর্থন ও দোয়া চাই। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হতে পারে বলে আমি এর বেশী কিছু বলব না।"
আমীর খসরু চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের সাথে বিএনপির একাত্মতার ঘোষণা দিয়ে বলেন, "মঞ্জুর আলম সৎ, যোগ্য ও বিনয়ী প্রার্থী। চট্টগ্রামের উন্নয়নে তার ব্যাপক ভূমিকা রয়েছে। বিএনপি তাঁকে মেয়র পদে দেখতে চায়।"
তিনি বলেন, "শুধু মহানগর বিএনপি নয়, উত্তর দক্ষিণ জেলা বিএনপিও তার সমর্থনে রয়েছে।"
সভায় আমীর খসরু ছাড়াও মহানগর বিএনপির সাবেক সভাপতি মীর মোহাম্মদ নাছির উদ্দিন, সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলম, উত্তর জেলার সভাপতি গিয়াসউদ্দিন কাদের চৌধুরী, মহানগর সহ-সভাপতি শামসুল আলম ও সাধারণ সম্পাদক ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।
তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী, দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, মহানগর সহ-সভাপতি দস্তগীর চৌধুরী এ অনুষ্ঠানে ছিলেন না।
বিএনপি সমর্থিত পেশাজীবী ও বুদ্ধিজীবীদের নিয়ে গঠিত চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের প্রার্থী হিসেবে মঞ্জুর আলম বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেন।
মঞ্জুর আলম তাকে মেয়র প্রার্থী হিসেবে সমর্থন দেয়ায় চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন এবং বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে ধন্যবাদ জানান।
চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের আহবায়ক অধ্যাপক আবুল কাশেম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নছরুল কাদির, অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে ১৭ জুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/কেএমএস/২০৩১ ঘ.
bdnews24