ঢাকা, মে ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়ায় ছয়দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন।
মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শুক্রবার রাতের প্রথম প্রহরে হজরত শাহ জালাল (রা.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।
সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিক, তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ, তিন বাহিনীর প্রধান এবং সরকারের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা এ সময় বিমানবন্দরে ছিলেন।
সফরে প্রধানমন্ত্রী প্রথমে দক্ষিণ কোরিয়ার রাজধানী সউলে যান। এজন্য গত শনিবার ১৫ মে ঢাকা থেকে রওনা হন তিনি।
সউলে শেখ হাসিনা এসকাপের ৬৬তম অধিবেশনে বক্তব্য রাখেন এবং কোরিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (কেসিসিআই) নেতাদের সঙ্গে বৈঠক করেন।
সফরে প্রধানমন্ত্রী কোরিয়ার প্রেসিডেন্ট প্রেসিডেন্ট লী মিউং-বাকের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
প্রধানমন্ত্রীর এ সফরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুটি চুক্তি হয়। পাশাপাশি দুটি সমঝোতা স্মারকও সই হয়।
সউল সফর শেষে প্রধানমন্ত্রী মঙ্গলবার (১৮ মে) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে পৌঁছান। সেখানে সেদিন ষষ্ঠ ইসলামী অর্থনৈতিক ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন। পরদিন দেন বিশেষ ভাষণ।
কুয়ালালামপুরে শেখ হাসিনা মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সঙ্গে দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা করেন। আলোচনায় মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশী শ্রমিকদের বৈধতা দেওয়ার বিষয় গুরুত্ব পায়।
বৈঠকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বাংলাদেশী শ্রমিকদের বৈধতা দেওয়ার বিষয়টি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে বিবেচনার আশ্বাস দেন।
মালয়েশিয়ার বিনিয়োগকারীদের সঙ্গে এক গোলটেবিল বৈঠকে হাসিনা তাদেরকে বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি ও তৈরি পোশাক খাতসহ সম্ভাবনাময় বিভিন্ন খাতে বিনিয়োগের আহ্বান জানান।
আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা সউল ও কুয়ালালামপুরে প্রবাসী বাংলাদেশীদের অনুষ্ঠানেও অংশ নেন।
বাণিজ্যমন্ত্রী ফারুক খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মশিউর রহমান, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান (বিওআই) সৈয়দ আবদুস সামাদ, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, সংসদ সদস্য ইমরান আহমেদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এমএ করিম, পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস, ইআরডি সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/১২০৩ ঘ.
bdnews24