গোপালগঞ্জ, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেছেন, বিরোধীদল বিএনপির ডাকা হরতালকে অযৌক্তিক মনে হলে জনগণই তা প্রতিহত করবে। আর যদি যৌক্তিক মনে করে তাহলে তাদের পাশে দাঁড়াবে।
তিনি মনে করেন, একটি কুচক্রী মহল দেশে ষড়যন্ত্র করছে। তাদের এই ষড়যন্ত্র সফল হবে না।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও পুস্পমাল্য অর্পণের পর তিনি স্থানীয় সাংবাদিকদের এসব কথা বলেন।
এরপর দুপুর ১২টায় মন্ত্রী গোপালগঞ্জ জেলা কারাভবনের ফলক উম্মোচন করেন। ১৮ কোটি টাকা ব্যয়ে সাড়ে সাত একর জমির উপর কারাভবনটি নির্মাণ করা হয়েছে।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী কারা কর্তৃপক্ষকে উদ্দেশ্য করে বলেন, সরকার আপনাদের সুযোগ সুবিধা বৃদ্ধি করেছে। কারা ব্যবস্থাপনার উন্নয়নে আপনাদের আরো বেশি আন্তরিক হতে হবে। অনিয়ম দুর্নীতির উর্ধ্বে উঠে কাজ করতে হবে।
বন্দীদের প্রতি মানবিক আচরণ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, তাদের অধিকার সমুন্নত রাখতে হবে।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল মো. আশরাফুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক শেখ ইউসুফ হারুন, আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শেখ মোহাম্মাদ আব্দুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।
এরপর মন্ত্রী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃংখলা কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন।
বিকেলে স্থানীয় সার্কিট হাউসে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৪৮ ঘ.
bdnews24