২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের প্রতি 'গণতান্ত্রিক' আচরণের আহ্বান খালেদার

বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সরকারকে 'সংকীর্ণতার উর্ধ্বে উঠে গণতান্ত্রিক আচরণ' করার আহবান জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2010, 03:36 PM

Updated : 25 Aug 2022, 10:42 AM

ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া সরকারকে 'সংকীর্ণতার উর্ধ্বে উঠে গণতান্ত্রিক আচরণ' করার আহবান জানিয়েছেন। বুধবার পল্টন ময়দানে বিএনপির ঢাকা বিভাগীয় মহাসমাবেশে আসার পথে হামলায় যুবদল নেতা আকবর হোসেন নিহত হওয়ার ঘটনার নিন্দা জানাতে গিয়ে বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এই আহ্বান জানান। বিএনপির অভিযোগ, সরকারি দলের কর্মীদের হামলায় আকবর হোসেন নিহত হয়েছেন। বিবৃতিতে খালেদা বলেন, ''যুবদল নেতা আকবর হোসেনের নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে হত্যা-নির্যাতন, রাজনৈতিক কর্মসূচিতে বাধা প্রদান, সাংবাদিক-বুদ্ধিজীবী-কলামিস্টদের ওপর নগ্ন হামলা, মামলা আওয়ামী লীগের বাকশালী ফ্যাসিস্ট চরিত্রেরই বহিঃপ্রকাশ। রাজনৈতিক ধারাবাহিকতা অক্ষুন্ন রাখার স্বার্থে দলীয় সংকীর্ণতার উর্ধ্বে উঠে গণতান্ত্রিক আচরণ করুন।" আকবর হোসেনের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার দাবিও করেন তিনি। পল্টনের ওই সমাবেশে যোগ দিতে মুন্সিগঞ্জ থেকে লঞ্চ যোগে আসার পথে মীর কাদিম পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেনের ওপর হামলা হয়। তার লাশ বৃহস্পতিবার বুড়িগঙ্গা নদীতে পাওয়া যায়। বিবৃতিতে আওয়ামী লীগের 'সন্ত্রাসী' কর্মকান্ডের নিন্দা জানিয়ে বিএনপি চেয়ারপারসন বলেন, ''এ সরকার গণতন্ত্রে বিশ্বাস করে না বলে বিরোধী দলের কর্মকান্ডে ও মৌলিক অধিকার-সংগ্রামে, সভা-সমাবেশে দলীয় ক্যাডারদের লেলিয়ে দেয়। দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধ্বগতিতে মানুষের জীবনে নেমে এসেছে সীমাহীন দুর্ভোগ। টেন্ডারবাজি, চাঁদাবাজি, দখলবাজি ও ধর্ষণ আজ তাদের নিত্য কর্মের অংশ হিসেবে পরিণত হয়েছে।'' বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১২৬ ঘ.