ঢাকা, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দারিদ্র্য বিমোচনকে টেকসই করতে দেশের সাতটি বিভাগের ২১ ইউনিয়নে প্রায় ৫৫ হাজার পরিবারকে 'উন্নয়ন ঋণ' দিয়ে পরিবার ভিত্তিক সমন্বিত উন্নয়ন কার্যক্রমের আওতায় আনতে যাচ্ছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)।
মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করতে জুন মাসে শুরু হচ্ছে জরিপ।
পিকেএসএফ চেয়ারম্যান কাজী খলীকুজ্জামান আহমদ বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
পিকেএসএফ-এর উদ্যোগে 'পরিবার ভিত্তিক সমন্বিত উন্নয়ন: একটি ইউনিয়ন একটি সহযোগী সংস্থা' নামে প্রকল্পের কাজ গত ৩ মে হাতে নেওয়া হয়।
খলীকুজ্জামান বলেন, "শুধু ঋণ নিয়ে কোনো পরিবার বা দেশ এগোতে পারে না। দারিদ্র্য বিমোচনকে টেকসই করতে পিকেএসএফ-এর এ উদ্যোগে দরিদ্র পরিবারের সম্পদ ও সক্ষমতা বাড়ানোর প্রচেষ্টা নেওয়া হয়েছে।"
কার্যক্রমটি পিকেএসএফ, সহযোগী সংস্থা, উপকারভোগী পরিবার ও স্থানীয় সরকারের সম্পৃক্ততায় পরিচালিত হবে বলে জানান তিনি।
নির্বাচিত ২১ ইউনিয়নের সব পরিবারের উন্নয়নের দায়িত্ব দেওয়া হয়েছে আলাদা ২১ সহযোগী সংস্থাকে। এসব ইউনিয়নের প্রায় এক লাখ ১০ হাজার পরিবারের অর্ধেক এ কার্যক্রমের আওতায় আসবে।
পিকেএসএফ সরাসরি কোনো কার্যক্রম বা প্রকল্প বাস্তবায়ন করে না। নির্বাচিত মানসম্পন্ন বেসরকারি সংস্থাকে সহযোগী সংস্থা হিসেবে গ্রহণ করে দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে কার্যক্রম নিতে আর্থিক ও অন্যান্য সহায়তা দিয়ে থাকে।
১৯৯০ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ ফাউন্ডেশন নির্বাচিত সহযোগী সংস্থাগুলোকে অর্থায়ন করে আসছে এবং শুধু ক্ষুদ্র ঋণের ওপর বেশি গুরুত্বারোপ করে।
এ পর্যন্ত ফাউন্ডেশন এক কোটি পাঁচ লাখ পরিবারকে অর্থায়নের আওতাভুক্ত করেছে। এরমধ্যে ৮৩ লাখ উপকারভোগী ঋণ নিয়েছে, বাকিরা ঋণ পাওয়ার অপেক্ষায় রয়েছে।
খলীকুজ্জামান জানান, পিকেএসএফ-এর মূল লক্ষ্য হলো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির মাধ্যমে দারিদ্র্য দূরীকরণের জন্য দেশব্যাপী কর্মসূচি বাস্তবায়ন করা। এ যাবৎ ফাউন্ডেশন তার সহযোগী সংস্থাকে প্রচলিত ক্ষুদ্র ঋণ ছাড়াও মৌসুমী ঋণ ও বিশেষ ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনায় উল্লেখযোগ্য পরিমাণ অর্থ সরবরাহ করেছে।
দরিদ্র পরিবারগুলোর বিদ্যমান সম্পদ ও সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার এবং একই সঙ্গে তাদের সম্পদ বাড়ানো ও অন্যান্য সম্ভাবনাময় কার্যক্রম গ্রহনের বিষয়টি নিশ্চিত করাই নতুন উদ্যোগ নেওয়ার উদ্দেশ্য বলে জানান এই অর্থনীতিবিদ। এজন্যে এর নামকরণও করা হয়েছে 'দারিদ্র দূরীকরণের লক্ষ্যে দরিদ্র পরিবারের সম্পদ ও সক্ষমতা বৃদ্ধি (ইএনআরআইসিএইচ-এনরিচ)।'
টেকসই দারিদ্র বিমোচন ও আর্থসামাজিক উন্নয়নে দেওয়া ঋণকে 'ক্ষুদ্রঋণ' বলে আর অভিহিত করতে চান না খলীকুজ্জামান। একে উন্নয়ন ঋণ বলে আখ্যা দেন তিনি।
"ঋণ নিয়ে দরিদ্র পরিবার যেনো আরো দরিদ্র না হয়, বরং তাদের সক্ষমতা বাড়িয়ে কর্মসংস্থান বাড়ানোয় ভূমিকা রাখবে এ উন্নয়ন ঋণ।" বলেন তিনি।
২১টি ইউনিয়নে পরীক্ষামূলকভাবে দিশারি প্রকল্প নেওয়া হচ্ছে জানিয়ে পিকেএসএফ চেয়ারম্যান বলেন, "আগামী ছয়মাসের মধ্যে এর সুফল পাবো বলে আশা করি আমরা। আগামী দেড় বছরের মধ্যে দেড়শ' ইউনিয়নে কর্মসূচি নেওয়া সম্ভব হবে বলে মনে করি।"
এক প্রশ্নের জবাবে খলীকুজ্জান জানান, প্রাথমিকভাবে এসব ইউনিয়নে যারা কোনো না কোনো বেসরকারি সংস্থার উপকারভোগী তাদেরকে নতুন কর্মসূচির আওতায় আনা হবে না। সরকারের যেসব এলাকায় একটি বাড়ি একটি খামার প্রকল্প রয়েছে- সেসব এলাকায়ও এ উদ্যোগ প্রাথমিকভাবে নেওয়া হচ্ছে না।
সংবাদ সম্মেলনে পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক কাজী মেসবাহউদ্দিন আহমেদ, পরামর্শক মোশাররফ হোসেন, উপ ব্যবস্থাপনা পরিচালক পারভিন মাহমুদ, ব্যবস্থাপক জসিম উদ্দিন, ফজলুল কাদের ও গোলাম তৌহিদ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/কেএমএস/১৮১৯ ঘ.
bdnews24