খাগড়াছড়ি, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলার সিংগিনালা এলাকায় বুধবার রাতে এক আদিবাসী শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত শিশুর নাম এলটু চাকমা (৮) এলাকার অনুবিকাশ চাকমার ছেলে। সে খবংপুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র।
নিহতের পরিবারের অভিযোগ মোবাইল ছিনতাইয়ের সময় তাকে খুন করা হয়েছে।
নিহতের মা অনামিকা চাকমা জানান, শনিবার বিকেল চারটার দিকে তার ছেলে এলটু স্বনির্ভর বাজারের উদ্দেশে বাড়ি থেকে বের হয়। তার হাতে নোকিয়া মোবাইল ফোন সেট ছিল। পথিমধ্যে দুর্বৃত্তরা মোবাইল ফোন সেটটি ছিনতাইয়ের সময় তাকে হত্যা করেছে।
সদর থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, স্থানীয় অধিবাসীদের ধারণা অপহরণের পর এলটুকে খুন করা হয়েছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এইচএ/০০৩৬ ঘ.
bdnews24