জাবি, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাসে ওঠাকে কেন্দ্র করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে সমাবেশ ফেরত বিএনপিকর্মীদের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। (আরো তথ্যসহ)
বুধবার রাত সোয়া ৮টায় সাভারের ডেইরি ফার্ম এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান।
এ সময় ছাত্ররা একটি বাস ভাংচুর করে। প্রায় ৩০ মিনিট ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে আহতদের মধ্যে সাতজনকে বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়েছে।
এরা হলেন- জাবি'র ভূগোল ও পরিবেশ বিভাগের ছাত্র তানভির মোর্শেদ, মো. শরীফ, মো. রাসেল ও মনোয়ার হোসেন, ভূতাত্বিক বিজ্ঞানের মনোয়ার হোসেন, বিএনপিকর্মী মানিকগঞ্জের ফজলু ও হাশেম আলী।
তানভির ও ফজলু সাংবাদিকদের জানান, সাভার বাজার থেকে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন ছাত্র ভুল করে বিএনপিকর্মীদের একটি বাসে উঠেন। রাজধানীর পল্টনে সমাবেশ শেষ হওয়ার পর মানিকগঞ্জের বিএনপিকর্মীরা ওই বাসে ফিরছিলেন।
বাসে ওঠাকে কেন্দ্র করে ছাত্রদের সঙ্গে তাদের কথা কাটকাটির হয়। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় ছাত্ররা ডেইরি এলাকায় বাসটি আটকালে দুপক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ।
এ সময় জাবি ছাত্ররা ওই বাসটি ভাংচুর করে এবং সড়কে যান চলাচল বন্ধ করে দেয়।
পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রক্টর ড. আরজু মিয়া আহতদের দেখতে মেডিকেল সেন্টারে যান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/ডিডি/২৩৫০ ঘ.
bdnews24