বাগেরহাট, মে ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জেলার মংলা উপজেলায় হরিণের চামড়াসহ এক শিকারীকে আটক করেছে উপকূলরক্ষী বাহিনী (কোস্টগার্ড)।
মঙ্গলবার রাতে সুন্দরবনের পাশের চিলা কোলাবাড়ি এলাকা থেকে নজরুল ইসলাম (৩০) নামে এ শিকারীকে আটক করা হয়।
বুধবার সকালে তার বিরুদ্ধে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের ঢাংমারী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা মোকাম্মেল কবীর বাদি হয়ে বণ্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা করেছেন।
দুপুরে আদালতের মাধ্যমে নজরুলকে কারাগারে পাঠানো হয়েছে। তার বাড়ি মংলা উপজেলার চিলা গ্রামে।
কোস্টগার্ড পশ্চিম অঞ্চলের কর্মকর্তা লেফটেন্যান্ট লোকমান হাকিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে সুন্দরবন এলাকায় কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে হরিণের চামড়াসহ নজরুলকে আটক করে। তবে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে মাংস নিয়ে তার সহযোগীরা পালিয়ে যায়।
কোস্টগার্ড কর্মকর্তা জানান, জিজ্ঞাসাবাদে নজরুল বলেছেন তিনিসহ ৩-৪ জন মিলে হরিণটিকে বন্দুক দিয়ে গুলি করে হত্যা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৮২৭ ঘ.
bdnews24