২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামালপুরে সংঘর্ষে গুলিবিদ্ধ ৩, অস্ত্র উদ্ধার

বিরোধপূর্ণ জমিতে ধান কাটা নিয়ে জামালপুরের সরিষাবাড়িতে দুপক্ষের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2010, 11:28 AM

Updated : 25 Aug 2022, 10:38 AM

জামালপুর, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধপূর্ণ জমিতে ধান কাটা নিয়ে জামালপুরের সরিষাবাড়িতে দুপক্ষের সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ হয়েছে। ঘটনাস্থল থেকে চারটি পাইপগান ও তিন রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সরিষাবাড়ির হরিপুর গ্রামের পারভেজ খান ও পাখাডুুবির ইসমাইল হোসেনের লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয় বলে জানিয়েছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপারিনটেনডেন্ট জয়দেব চৌধুরী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হরিপুর গ্রামের ৮০ শতাংশ জমি নিয়ে দুপক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। পারভেজের লোকজন জমিতে ধান কাটতে গেলে ইসমাইল সমর্থকরা হামলা চালায়। এতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। পুলিশ কর্মকর্তা জানান, আজাহরুল ইসলাম দুলাল (৪০), চাঁন মিয়া (৩৫) ও পারভেজ পাইপগানের গুলিতে আহত হন। তাদের সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় পুলিশ বেলাল হোসেন নামে একজনকে একটি পাইপগানসহ গ্রেপ্তার করেছে। ঘটনাস্থল থেকে আরো তিনটি পাইপগান, তিন রাউন্ড গুলি ও একটি গুলির খোসা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় বিকাল ৪টা পর্যন্ত কোনো মামলা হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৭২৫ ঘ.