২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেনের নিচে পড়ে স্কুলছাত্রী নিহত, রেললাইন অবরোধ

ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যুর পর স্থানীয়দের অবরোধে ঢাকা-ময়মনসিংহ পথে রেল চলাচল মঙ্গলবার সাড়ে তিন ঘণ্টা বন্ধ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2010, 10:26 AM

Updated : 25 Aug 2022, 10:38 AM

গাজীপুর, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রেনে কাটা পড়ে এক স্কুলছাত্রীর মৃত্যুর পর স্থানীয়দের অবরোধে ঢাকা-ময়মনসিংহ পথে রেল চলাচল মঙ্গলবার সাড়ে তিন ঘণ্টা বন্ধ ছিলো। সকালে শ্রীপুর উপজেলায় কাওরাইদ স্টেশনের উত্তর পাশে জামালপুরগামী তিস্তা এক্সপ্রেসের নিচে পড়ে স্কুলছাত্রী মুন্নী আক্তার মারা যায় বলে পুলিশ জানায়। শ্রীপুরের দামনই এলাকার কাজল মিয়ার মেয়ে মুন্নী কাওরাইদ কেএম হাইস্কুলের অষ্টম শ্রেণীতে পড়তো। রেলপুলিশের টঙ্গী ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আলী আকবর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টার দিকে ট্রেনে কাটা পড়ে মুন্নী। এরপর ১০টার দিকে ওই স্কুলের শিক্ষার্থী ও স্থানীয়রা রেললাইন অবরোধ করে। জনতা কাওরাইদ স্টেশন মাস্টারের কক্ষেও ভাংচুর চালায়। দুপুর দেড়টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে ট্রেন চলাচল স্বাভাবিক হয় বলে আলী আকবর জানান। ভাংচুরের জন্য পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। অবরোধের কারণে ঢাকাগামী ব্রহ্মপুত্র, জামালপুরগামী অগ্নিবীনা, ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস বিভিন্ন স্থানে আটকা পড়ে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬২০ ঘ.