২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সফরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে দুটি চুক্তি

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুটি চুক্তি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2010, 09:36 AM

Updated : 25 Aug 2022, 10:38 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরে দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে দুটি চুক্তি হয়েছে। এর পাশাপাশি দুটি সমঝোতা স্মারকও সই হয় বলে সরকারি বার্তা সংস্থা বাসস মঙ্গলবার জানায়। সউলে প্রেসিডেন্টের কার্যালয়ে চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে শেখ হাসিনা এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি মিয়ুং বাক উপস্থিত ছিলেন। চুক্তি দুটি হয়েছে অর্থনৈতিক উন্নয়ন তহবিল ঋণ এবং সাংস্কৃতিক বিনিময়ের একটি প্রকল্পে। সমঝোতা স্মারক দুটি জ্বালানি সহযোগিতা ও পরিবেশ রক্ষার বিষয়ে। বাণিজ্যমন্ত্রী ফারুক খান এবং কোরিয়ার পররাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী ইউ মিয়াং হোয়ান অর্থনৈতিক উন্নয়ন তহবিল ঋণ বিষয়ক চুক্তিটি স্বাক্ষর করেন। জ্বালানি সহযোগিতা বিষয়ক সমঝোতা স্মারকটি সই করেন পররাষ্ট্র সচিব মোহাম্মদ মিজারুল কায়েস এবং কোরিয়ার জ্ঞান ও অর্থনীতি বিষয়ক উপ-মন্ত্রী কিম ইয়ং হাক। এর আগে হোটেল গ্র্যান্ড হায়াতে এক ভোজসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের বিদ্যুৎ, গ্যাস, অবকাঠামো, জাহাজ নির্মাণ, তথ্যপ্রযুক্তি, অটোমোবাইল ও কৃষিভিত্তিক শিল্প খাতে আরো বেশি দক্ষিণ কোরীয় বিনিয়োগের আহ্বান জানান। ছয়দিনের সফরে গত শনিবার ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। তিনি সোমবার এসকাপের ৬৬তম অধিবেশনে বক্তব্য রাখেন। দক্ষিণ কোরিয়া থেকে মঙ্গলবারই হাসিনার মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে। কুয়ালালামপুর থেকে বৃহস্পতিবার ঢাকা ফিরবেন তিনি। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে আরো রয়েছেন উপদেষ্টা মশিউর রহমান, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান (বিওআই) সৈয়দ আবদুস সামাদ, অ্যাম্বাসেডর-অ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, সংসদ সদস্য ইমরান আহমেদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এমএ করিম, ইআরডি সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেবি/এমআই/১৫৩৩ ঘ.