বাগেরহাট, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটে একটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং অন্তত ৬৯ জন আহত হয়েছে।
যাত্রীবাহী একটি বাসের চাকা ফেটে এটি রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগলে হতাহতের এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
মঙ্গলবার সকালে সদর উপজেলার ফতেপুর শিমুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোরেলগঞ্জ উপজেলার পিসি বারইখালী গ্রামের আজাহার হাওলাদারের স্ত্রী কুলসুম বেগম (২৮), তার দেড় বছর বয়সী মেয়ে সনিয়া আক্তার এবং মংলা উপজেলার বাজিকরখণ্ড গ্রামের আব্দুস সালাম (৪৫)।
বাগেরহাট সদর থানার ওসি শাহিদুল ইসলাম শাহীন সাংবাদিকদের বলেন, মোরেলগঞ্জ থেকে বাগেরহাটমুখী বাসটি সকাল সাড়ে ৯টার দিকে দুর্ঘটনায় পড়ে।
নিহত কুলসুমের মা এমিলি বেগম (৬০) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হঠাৎ বাসটির পেছনের চাকা ফাটার বিকট শব্দ হয়। এরপর এটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়।"
বাসটি অতিরিক্ত যাত্রীবোঝাই ছিলো বলে দাবি করেন তিনি।
পুলিশ জানায়, দুর্ঘটনার পর থেকে বাসচালক পলাতক।
আহতদের মধ্যে ৬২ জনকে বাগেরহাট সদর হাসপাতালে এবং সাতজনকে শহরের মুক্তি কিনিকে ভর্তি করা হয়।
বাগেরহাট সদর হাসপাতালের চিকিৎসক মাসুদুর রহমান লেমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হাসপাতালে আনার পর ৬২ জনের মধ্যে সাতজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের বাড়ি শরণখোলা ও মোরেলগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।
বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য মীর শওকাত আলী বাদশা এবং বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মোজাম্মেল হোসেন আহতদের দেখতে হাসপাতালে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/১৩১৩ ঘ.
bdnews24