২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়-ধসে মৃত্যু: বান্দরবানে বাসিন্দাদের সরতে বলেছে প্রশাসন

বর্ষায় পাহাড় ধসে মৃত্যু এড়াতে বান্দরবানে পাহাড় ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2010, 03:17 PM

Updated : 25 Aug 2022, 10:35 AM

বান্দরবান, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ষায় পাহাড় ধসে মৃত্যু এড়াতে বান্দরবানে পাহাড় ও পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে প্রশাসন। প্রতি বছর বর্ষা মৌসুমে পাহাড় ধসে বান্দরবানে জান-মালের ব্যাপক ক্ষতি হয়। চলতি বর্ষা মৌসুমের আগেই তাই জান-মাল রক্ষার্থে ঝুঁকিপূর্ণ বসতি থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে মাইকিং করা হয়েছে। বান্দরবানের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জামান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এন. মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জেলা শহরের হাফেজঘোনা, ইসলামপুর ,কসাইপাড়া, স্টেডিয়াম ও কালাঘাটা এলাকায় পাহাড় ও এর পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে লোকজন বাস করছে। যেখানে বর্ষা মৌসুমে ব্যাপক ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই ওই পরিবারগুলোকে দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আদেশ দেওয়া হয়েছে। জনগণকে সতর্ক করতে গত সপ্তাহে জেলা শহরে পাঁদিন মাইকিং করা হয়েছে বলে তারা জানান। প্রতি বছর পাহাড় কেটে এ এলাকাগুলোতে নতুন নতুন বসতবাড়ি নির্মাণ করা হয়। অপরিকল্পিত নির্মাণের ফলে পরিবারগুলো মৃত্যু ঝুঁকি নিয়ে বাস করে। জেলা প্রশাসক মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ক্ষয়ক্ষতি এড়াতে চলতি বর্ষার আগেই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে প্রশাসন আগাম পদক্ষেপ নিয়েছে।" তিনি জানান, পাহাড়ের পাদদেশে উচুঁ-নিচু স্থানে ঝুঁকি নিয়ে বাস করা পরিবারগুলোকে সচেতন হতে ও নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দশনা দিয়েছে প্রশাসন। গতবছর পাহাড় ধসে লামা উপজেলার আজিজনগর ও গজালিয়া ইউনিয়নে শিশু-নারীসহ ১০ জন মারা যায়। এর আগে জেলা শহরের বনরূপা, কালঘাটা এবং আজিজনগরে কমপক্ষে ২০ জন পাহাড় ধসে মারা যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/পিডি/২১১৬ ঘ.