চট্টগ্রাম, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চট্টগ্রামে দুটি পৃথক অভিযানে সাতটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে র্যাব।
তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি।
সোমবার নগরীর পতেঙ্গা ও জেলার হাটাহাজারীতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয় বলে বলে জানিয়েছেন র্যাব কর্মকর্তারা।
পতেঙ্গা এলাকা থেকে উদ্ধার করা হয় দেশে তৈরি তিনটি লাইটগান (এলজি) ও নয় রাউন্ড গুলি।
হাটহাজারীর ফটিকা গ্রাম থেকে চারটি এলজি ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৭ এর স্টাফ অফিসার সাইদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাটহাজারীর ফটিকা গ্রামের হাসমত আলী চৌধুরীর মসজিদের পাশ থেকে সোমবার সকাল পৌনে ৯টায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
এছাড়া রোববার দিবাগত রাত আড়াইটার দিকে পতেঙ্গা বিমানবন্দর সংলগ্ন ভিআইপি রোডের পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয় এসব আগ্নেয়াস্ত্র ও গুলি।
দুটি ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে র্যাব কর্মকর্তা সাইদুল জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমএসবি/১৯৩৮ ঘ.
bdnews24