২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে সরকার সমর্থকদের সংঘর্ষে আহত ১৫

টেস্ট রিলিফসহ (টিআর) কয়েক প্রকল্পের টাকা ভাগাভাগি নিয়ে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সরকার সমর্থক দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১৫ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2010, 12:20 PM

Updated : 25 Aug 2022, 10:36 AM

মানিকগঞ্জ, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টেস্ট রিলিফসহ (টিআর) কয়েক প্রকল্পের টাকা ভাগাভাগি নিয়ে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলায় সরকার সমর্থক দুটি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে আহত হয়েছে অন্তত ১৫ জন। সোমবার দুপুর ১২টার উপজেলা সদরে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন যুবলীগের নেতাকর্মীদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানিয়েছে পুলিশ। আহতদের মধ্যে পাঁচজনকে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এরা হলেন- যুবলীগের সহ-সাধারণ সম্পাদক আনিছুর রহমান টিটু (৪২), জীবন খান (৩২), আবদুল হাই (৩৪), আবদুল হাকিম (৩৮) ও সুমন মিয়া (৩২)। দৌলতপুর থানার ওসি শওকত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম ও যুবলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির শাওন গ্র"পের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে লাঠি, চাপাতি ও রামদার আঘাতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দৈনিক আমার দেশ পত্রিকার দৌলতপুর উপজেলা প্রতিনিধি জালাল উদ্দিন দিপু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংঘর্ষের খবর সংগ্রহ করতে গেলে যুবলীগ-ছাত্রলীগের কর্মীরা তাকে মারধর করেন। সংঘর্ষের প্রতিবাদে দৌলতপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুর রহমানের নেতৃত্বে দুপুর ১টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের হয় বলে ওসি জানান। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম আজিজুল হক বলেন, টিআর, কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের টাকা ভাগাভাগি নয়, নেতৃত্বের কোন্দলেই দুই পক্ষের মধ্যে এই সংঘর্ষ হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৮১৫ ঘ.