ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইনের বিধি-বিধান কার্যকর করতে কেন নির্দেশ দেওয়া হবে না সরকারের কাছে তার ব্যাখ্যা চেয়েছে হাইকোর্ট।
মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, আইন সচিব ও ঢাকা সিটি করপোরেশনের মেয়রকে আগামী চার সপ্তাহের মধ্যে এর ব্যাখ্যা দিতে বলা হয়।
মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ তাদের প্রতিপক্ষ করে গত ২৫ এপ্রিল একটি জনস্বার্থ রিট আবেদন করে।
বিচারপতি মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের বেঞ্চ ওই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এই আদেশ দেন।
রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ।
রিট আবেদনে ঢাকা সিটি করাপোরেশন নির্ধারিত বাড়ি ভাড়া কার্যকরের নির্দেশনা চাওয়া হয়। এছাড়া বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনের অধীনে এ বিষয়ে বিধি প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়।
আবেদনে বলা হয়, বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইনে ভাড়ার রশিদ, বাড়ি ছাড়ার নোটিশ দেওয়াসহ বিভিন্ন বিধান রয়েছে। কিন্তু অনেক বাড়িওয়ালা আইন ভেঙে ইচ্ছামতো ভাড়া বাড়ান, যখন-তখন বাড়ি ছাড়ার নোটিশ দেন। তারা ভাড়াটেদের বাড়ি ভাড়ার রশিদ দেন না।
ঢাকা সিটি কর্পোরেশনের নির্ধারিত ভাড়ার তালিকা অনুসারে ভাড়া আদায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না বলেও আবেদনে অভিযোগ করা হয়।
গত ১৫ এপ্রিল বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন এবং এক্ষেত্রে সিটি কর্পোরেশন নির্ধারিত ভাড়া কার্যকর করতে সরকারকে একটি উকিল নোটিশ দেয় রিট আবেদনকারী এ সংগঠন।
কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) এর হিসাব অনুযায়ী, ঢাকায় ২০০৩ সালে ৮ দশমিক ৪, ২০০৪ সালে ৯ দশমিক ৯৬, ২০০৫ সালে ৭ দশমিক ৮৯, ২০০৬ সালে ১৪ দশমিক ১৪ এবং ২০০৭ সালে ২১ দশমিক ৪৮ শতাংশ বাড়িভাড়া বেড়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এটি/জেবি/এইচএ/১৮০৯ ঘ.
bdnews24