২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুর বিভাগের প্রশাসনিক কার্যক্রম শুরু

নবগঠিত রংপুর বিভাগের প্রথম বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব শওকত মোস্তফা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2010, 11:01 AM

Updated : 25 Aug 2022, 10:36 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নবগঠিত রংপুর বিভাগের প্রথম বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব শওকত মোস্তফা। সংস্থাপন মন্ত্রণালয়ের এক আদেশে সোমবার এ নিয়োগ দেওয়া হয়। এছাড়াও এদিন ওই বিভাগে দুইজন অতিরিক্ত বিভাগীয় কমিশনার নিয়োগ করা হয়। অতিরিক্ত বিভাগীয় কমিশনার পদে নিয়োগ পাওয়া উপসচিব পর্যায়ের এই দুই কর্মকর্তা হলেন- লালমনিরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা নারায়ণ চন্দ্র বর্মা এবং অর্থ বিভাগের উপসচিব মিয়া আব্দুল্লাহ মামুন। এই নিয়োগের মধ্য দিয়ে সোমবার রংপুর বিভাগের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো। তবে বিভাগটিতে পুলিশের উপ-মহাপরিদর্শকসহ (ডিআইজি) অন্য সংস্থাগুলোর প্রধানের পদে এখনো কাউকে নিয়োগ দেওয়া হয়নি। চলতি বছরের ২৫ জানুয়ারি মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী দেশের সপ্তম বিভাগ হিসেবে রংপুর বিভাগের নাম ঘোষণা করা হয়। আগের রাজশাহী বিভাগের অধীনে বৃহত্তর রংপুর ও দিনাজপুরের আটটি জেলা নিয়ে এই নতুন বিভাগের যাত্রা শুরু হলো। জেলা আটটি হচ্ছে- রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁও। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এইচএ/১৮৩৫ ঘ.