কুড়িগ্রাম, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার রামখানা ইউনিয়নে সোমবার বজ্রপাতে মা-ছেলেসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো দুজন।
নিহতরা হলেন- রামখানা ইউনিয়নের খোড়ারডারা গ্রামের আশকরনগর এলাকার বদিয়ার রহমানের স্ত্রী হাজরা বেগম (৩৭), ছেলে মেহেদী হাসান হৃদয় (৫), একই এলাকার খলিলুর রহমানের ছেলে কৃষি শ্রমিক মকবুল হোসেন (৩৬), আফজাল হোসেনের ছেলে হাফিজুল (৩০) ও ওমর আলীর ছেলে আমজাদ হোসেন (৪০)।
আহত মনছুর আলী (৩৫) ও রব্বানীকে (৩০) নাগেশ্বরী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রামখানা ইউনিয়নের চেয়ারম্যান সহিদুর রহমান সাংবাদিকদের জানান, সকাল ৮টার দিকে হঠাৎ ঝড়োবৃষ্টি শুরু হয়। এ সময় বদিয়ারের বাড়ির পাশের একটি ক্ষেতে ধান কাটছিলেন কয়েকজন শ্রমিক। ঝড়ের এক পর্যায়ে তাদের পাঁচজন বদিয়ারের টিনের ঘরে আশ্রয় নেন। সাড়ে ৮টার দিকে হঠাৎ বিকট শব্দে টিনের চালের ওপর বজ্রপাত হয়। এতে বদিয়ারের স্ত্রী ও ছেলে এবং তিন শ্রমিকের ঘটনাস্থলে মৃত্যু হয়। আহত হন মনছুর ও রব্বানী।
ঘটনার সময় বদিয়ার রহমান ঘরে ছিলেন না বলেও জানান চেয়ারম্যান সহিদুর।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৬০৫ঘ.
bdnews24