২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ডাকাতি, আহত ১

ঢাকার সাভারে পৌর এলাকার আনন্দপুর মহল্লায় একটি বাসায় ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2010, 09:48 AM

Updated : 25 Aug 2022, 10:36 AM

সাভার, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারে পৌর এলাকার আনন্দপুর মহল্লায় একটি বাসায় ডাকাতি হয়েছে। এলাকাবাসী জানায়, ডাকাতরা রোববার দিবাগত রাতে ওই বাসায় ঢুকে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে নগদ টাকা ও স্বার্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। ডাকাতদের হামলায় আহত হয়েছেন গৃহকর্তা বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাকের একটি প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক মঞ্জুরুল কাদির। এ নিয়ে চলতি মাসে সাভারে চারটি ডাকাতির ঘটনা ঘটেছে। পুলিশ ডাকাতির মামলা না নিয়ে দস্যুতার মামলা হিসেবে নথিভূক্ত করেছে। গৃহকর্তী নাজনিন কাদির কনা জানান, রোববার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে ১০/১২ জনের একদল ডাকাত অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে দোতলা বাসভবনের নীচ তলায় কেলাপসিবল গেইটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। তারা দরজার ছিটকিনি ভেঙ্গে ঘরে ঢোকে। কনা বলেন, "ডাকাত দল আমাকে, আমার স্বামী মঞ্জুরুল কাদির ও ছেলে প্রান্তকে (১২) অস্ত্রের মুখে জিম্মি করে আলমারী ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা, গলার হার, কানের দুলসহ প্রায় এক ভরি ওজনের স্বর্ণালংকার, দুটি মোবাইল ফোনসেট নিয়ে নেয়। ডাকাতরা যাওয়ার সময় কম্পিউটারের এলসিডি মনিটর নিয়ে যাওয়ার চেষ্টা করলে মঞ্জুরুল কাদির বাধা দেন। এসময় তার সাথে ডাকাতদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে ডাকাতদের একজন তার মাথায় রাম দা দিয়ে আঘাত করলে তিনি মেঝেতে লুটিয়ে পড়েন। ডাকাতদল স্থান ত্যাগ করার পর চিৎকার শুনে লোকজন এগিয়ে এসে মঞ্জুরুলকে স্থানীয় ক্লিনিকে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। সাভার থানার দায়িত্বপ্রাপ্ত ওসি উপ-পরিদর্শক আবু তাহের জানান, এ ঘটনায় মঞ্জুরুল কাদির বাদি হয়ে সাভার থানায় একটি মামলা দায়ের করেছেন। প্রসঙ্গত, গত ৫ মে ভোরে সাভার বাজার বাসস্ট্যান্ডের কাছে চলচ্চিত্র অভিনেতা ডিপজলের মালিকানাধীন আফজাল ফিলিং স্টেশনে, পরদিন ৬ মে ভোরে আশুলিয়ার বাইপাইল এলাকার টিএস সিএনজি স্টেশনে এবং ৮ মে আশুলিয়ার গৌরিপুর এলাকার শানীন প্যাকেজিং লিমিটেড নামের একটি কারখানায় ডাকাতি হয়। ডাকাতদের হামলায় রফিকুল ইসলাম বকুল (২৮) নামের একজন নিহত হয়। এ সব ঘটনায় পুলিশ কাউকে গ্রেফতার কিংবা লুন্ঠিত মালামাল উদ্ধার করতে পারেনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৫৩৩ ঘ.